কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নে মাদকবিরোধী জনসচেতনতা বাড়াতে আলোচনা সভার আয়োজন করেছে স্থানীয় বিএনপি।
তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং সামাজিকভাবে মাদক প্রতিরোধে জনমত গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
মসূয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রতনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন, কটিয়াদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদল এবং কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
বক্তারা মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও রাজনৈতিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের জন্যও মারাত্মক হুমকি।
তাই তরুণ প্রজন্মকে এ ধরনের ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখতে সবাইকে সচেতন হতে হবে।
প্রধান অতিথি অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে দলীয় পরিচয়ের বাইরে এসে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ সময় কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম মাদকবিরোধী অভিযানে প্রশাসনের কঠোর অবস্থানের কথা তুলে ধরে জনসাধারণের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় বিশিষ্টজন, যুব প্রতিনিধি ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
সভা শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
এসআর