ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সড়ক ও জনবহুল এলাকার পাশে যত্রতত্র বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষণ এবং জনভোগান্তি ক্রমেই বাড়ছে।
নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা না থাকায় বাজার, দোকানপাট ও গৃহস্থালির বর্জ্য বিভিন্ন সড়কের ধারে এবং খোলা জায়গায় জমা করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
উপজেলা সদরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় দেখা গেছে, দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা পচে তীব্র দুর্গন্ধ সৃষ্টি করছে। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে বর্জ্যের স্তূপ থাকায় শিক্ষা কার্যক্রমের পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, বর্জ্য অপসারণের কার্যকর ব্যবস্থা না থাকায় মাঝে মধ্যে এসব আবর্জনায় আগুন দেওয়া হয়। ফলে সৃষ্ট ধোঁয়া আশপাশের বসতবাড়ি, সরকারি প্রতিষ্ঠান ও সড়ক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার পাশাপাশি যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে। চালকদের মতে, ধোঁয়ার কারণে অনেক সময় সড়কের দৃশ্যমানতা কমে যায়, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দেয়।
এলাকার ব্যবসায়ীরা জানান, দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ক্রেতাদের আগ্রহ কমে যাচ্ছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন।
পরিবেশ সচেতন মহলের মতে, উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলা এবং তা দীর্ঘসময় অপসারণ না করা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তারা দ্রুত আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নির্ধারিত স্থানে বর্জ্য সংরক্ষণ ও অপসারণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নাসিরনগরের এই দীর্ঘদিনের বর্জ্য সংকট নিরসনে উদ্যোগী হবে।
এসআর