কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার নবগ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে এলাকার যুবসমাজ, প্রবাসী ও সচেতন নাগরিকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। সাবেক ইউপি সদস্য ইউনুস আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার ওপরও গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও উল্লেখ করেন, সমাজের প্রতিটি স্তরের মানুষের সচেতন অংশগ্রহণ ছাড়া মাদকের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সফলতা অর্জন সম্ভব নয়। তাই নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নবগ্রামে গত কয়েক মাস ধরে মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগের ফলে এলাকায় মাদকের বিস্তার আগের তুলনায় কিছুটা কমেছে বলে দাবি করেন আয়োজকরা। তবে এ কার্যক্রমকে ঘিরে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় জনমত গড়ে তুলতে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
এসআর