দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবু জাফর আল মুনছুর (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার ভোগনগর ইউনিয়নের ছোট বটতলী এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু জাফর আল মুনছুর রাজশাহীর পবা উপজেলার হরিয়ানদহ এলাকার বাসিন্দা। তিনি আব্দুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজে ঠাকুরগাঁও সফর শেষে মোটরসাইকেলে দিনাজপুরে যাচ্ছিলেন তিনি।
পথে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তার ভাগিনা রাফিদ হাসানের খোঁজখবর নিতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।
একপর্যায়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবু বকর সিদ্দিক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করার পর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এসআর