ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে আয়োজিত এক কর্মশালায় অংশগ্রহণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সেনা ও নৌ উইংয়ের ক্যাডেটরা।
কর্মশালায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল কালাম আজাদ, শিক্ষকমণ্ডলীর সম্পাদক সহযোগী অধ্যাপক ড. নাজমুল হুসাইন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পিইউও, সামরিক কর্মকর্তা এবং শতাধিক ক্যাডেট।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার গীতা রানী মজুমদার। শুরুতে অতিথিদের স্বাগত জানান কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।
আলোচনায় গীতা রানী মজুমদার বলেন, “ডেঙ্গু এডিস মশাবাহিত একটি ভাইরাসজনিত রোগ।
একসময় বর্ষা মৌসুমে এর প্রকোপ বেশি দেখা গেলেও বর্তমানে বছরের যেকোনো সময়ই সংক্রমণের ঝুঁকি থাকে। জ্বর, মাথাব্যথা, গলাব্যথা ও শরীরব্যথা ডেঙ্গুর সাধারণ লক্ষণ। তবে রক্তক্ষরণের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণ করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর উপায় হলো ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা।
বাসাবাড়ি ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে যেতে হবে।”
কর্মশালায় ডেঙ্গু প্রতিরোধে করণীয়, রোগের বিস্তার কমানোর উপায় এবং জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাডেটদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করেন।
এসআর