চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষিপণ্যের গুণগত মান উন্নয়নে অংশীজনদের সম্পৃক্ততা বাড়াতে এক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম। স্বাগত বক্তব্যের মাধ্যমে তিনি কংগ্রেসের কার্যক্রম শুরু করেন এবং নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস বলেন, জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ ও রপ্তানি সম্ভাবনা বাড়াতে নিরাপদ খাদ্য উৎপাদনের বিকল্প নেই। তিনি কৃষকদের আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন নূসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দীন খান এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর সহকারী প্রকৌশলী রেজাউল করিম।
কংগ্রেসে কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কৃষক, কৃষি উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। আলোচনায় সুষম সার ব্যবহারের প্রয়োজনীয়তা, নিরাপদ বালাইনাশক প্রয়োগ, আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠান উপলক্ষে তিনটি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়। সেখানে উত্তম কৃষি চর্চা (জিএপি) অনুসরণ করে উৎপাদিত বিভিন্ন রপ্তানিযোগ্য কৃষিপণ্য ও ফলমূল প্রদর্শন করা হয়। আম, পেয়ারা, ড্রাগন ফলসহ বিভিন্ন উচ্চমূল্যের ফল দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল।
আয়োজকরা জানান, নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি, ভোক্তাদের জন্য স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারে দেশের কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা আরও বাড়ানোই এ আয়োজনের প্রধান লক্ষ্য।
এসআর