[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

বগুড়ায় নতুন ইউনিয়নের নামকরণ নিয়ে আলোচনা, প্রতিমন্ত্রীর পরিবার-সংশ্লিষ্ট নামও অন্তর্ভুক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুন ২০২৬ ৯:১০ পিএম

সংগৃহীত ছবি

বগুড়ায় প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে কয়েকটি নতুন ইউনিয়ন গঠন ও পুরোনো ইউনিয়ন পুনর্বিন্যাস করা হয়েছে।

এ প্রক্রিয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল থাকা দুটি ইউনিয়নের নাম নির্ধারণ করায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।


সম্প্রতি প্রকাশিত সরকারি গেজেট অনুযায়ী, নবগঠিত মোকামতলা উপজেলায় স্বর্ণগ্রাম, সীমান্ত ও দিগন্ত নামে তিনটি ইউনিয়ন গঠন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম দুটি প্রতিমন্ত্রীর দুই ছেলের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। একই সঙ্গে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ি’ নামে একটি নতুন ইউনিয়নও গঠন করা হয়েছে, যা প্রতিমন্ত্রীর পারিবারিক বাড়ির নাম হিসেবে পরিচিত।


গেজেট অনুসারে, বিভিন্ন ইউনিয়নের অংশবিশেষ নিয়ে নতুন ইউনিয়নগুলো গঠন করা হয়েছে। ময়দানহাট্টা ইউনিয়নের কয়েকটি মৌজা নিয়ে স্বর্ণগ্রাম ইউনিয়ন, সৈয়দপুর ইউনিয়নের অংশ নিয়ে সীমান্ত ইউনিয়ন এবং দেউলী ইউনিয়নের অংশ নিয়ে দিগন্ত ইউনিয়ন গঠিত হয়েছে। এসব ইউনিয়নের জন্য পৃথক জনসংখ্যা ও মৌজার সংখ্যা নির্ধারণ করা হয়েছে।


এছাড়া নতুন ইউনিয়ন গঠনের ফলে ময়দানহাট্টা, দেউলী, সৈয়দপুর, মোকামতলা ও শিবগঞ্জ ইউনিয়নের সীমানা ও প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোর জনসংখ্যা ও মৌজার বিন্যাসও নতুনভাবে নির্ধারণ করা হয়েছে।


শিবগঞ্জ উপজেলায় গঠিত মীরবাড়ি ইউনিয়নটি একাধিক ইউনিয়নের অংশ নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে। গেজেট অনুযায়ী, এতে ১৫টি মৌজা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ইউনিয়নটির মোট জনসংখ্যা প্রায় ১৯ হাজারের কাছাকাছি।


এদিকে নতুন ইউনিয়ন গঠন ও পৌরসভার সীমানা সম্প্রসারণের কারণে বিহার, রায়নগর, বুড়িগঞ্জ, কিচক এবং আটমুল ইউনিয়নও পুনর্গঠন করা হয়েছে।


জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় প্রশাসনকে আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পুনর্গঠন ও নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এ পরিবর্তনের ফলে প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও জনমুখী হবে।

এসআর

সম্পর্কিত খবর