দেশের রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ ২০ মে (বুধবার) ভোর থেকে দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ
নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পাশাপাশি আবহাওয়ার ২৪ ঘণ্টার সামগ্রিক পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এর মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও যশোর জেলার ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
এসআর