চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম নিদর্শন কড়ৈতলি জমিদার বাড়িটি এখন অযত্ন আর অবহেলায় ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। একসময়ের দৃষ্টিনন্দন কারুকার্য ও প্রাচীন স্থাপত্যশৈলী সমৃদ্ধ এই ঐতিহাসিক
স্থাপনাটি সংস্কারের অভাবে আজ প্রায় পরিত্যক্ত। ভবনের দেওয়ালে বড় বড় ফাটল ধরেছে, ছাদের অংশ ধসে পড়েছে এবং চারপাশ ঝোপঝাড়ে ছেয়ে গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এই পরিত্যক্ত জমিদার বাড়িটি এখন মাদকসেবীদের নিরাপদ আড্ডাখানায় পরিণত হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর বখাটে ও মাদকাসক্তদের আনাগোনা বেড়ে যাওয়ায় স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং যুবসমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সেলিম জিতু এবং এলাকাবাসী জানান, এটি কেবল একটি পুরোনো ভবন নয়, বরং এলাকার ইতিহাস ও সংস্কৃতির অংশ। তারা অবিলম্বে এই স্থাপনাটি সংস্কার ও সংরক্ষণ করে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার এবং মাদক রুখতে প্রশাসনের নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া এই বিষয়ে জানান, কড়ৈতলি জমিদার বাড়ির বর্তমান পরিস্থিতিটি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। তিনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি বাড়ানোর আশ্বাস দেওয়ার পাশাপাশি ঐতিহ্যবাহী এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।
এসআর