[email protected] বুধবার, ২০ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

উন্মুক্ত বাগানে বিনা পয়সায় লিচু খাওয়ার সুযোগ, পাবনায় কৃষিবিদের বিরল দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে ২০২৬ ৭:৩১ এএম

সংগৃহীত ছবি

পাবনার সাঁথিয়া উপজেলার আলোকদিয়ার গ্রামে আট বিঘা জমির ওপর গড়ে তোলা একটি ব্যতিক্রমী লিচু বাগান এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। কৃষিবিদ মোস্তফা জামাল শামীমের এই বাগানে ২০০টিরও বেশি বিভিন্ন জাতের লিচু গাছ

 রয়েছে। তবে এই বাগানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এখানকার লিচু সম্পূর্ণ বিনামূল্যে যে কেউ ইচ্ছেমতো খেতে পারেন।

​বাগানটিতে কোনো ধরনের বেড়া, জাল বা সীমানা প্রাচীর নেই। মানুষ তো বটেই, পশুপাখিরাও যাতে নির্বিঘ্নে ফল খেতে পারে, সেজন্য পুরো বাগানটি উন্মুক্ত রাখা হয়েছে। দেড় যুগ আগে পৈতৃক ও নিজস্ব কেনা জমিতে এই বাগান গড়ে তোলেন মোস্তফা জামাল শামীম, যিনি পেশায় একজন ব্যবসায়ী (কিমিয়া সেন্টারের স্বত্বাধিকারী) এবং পাবনা কলেজের কৃষি বিষয়ের শিক্ষক। বাগানের লিচু কখনো বিক্রি করা হয় না। স্থানীয় গ্রামবাসী, হতদরিদ্র মানুষ, দর্শনার্থী ও বন্ধুবান্ধবেরা এসে নিজে হাতে পেড়ে এই লিচু উপভোগ করেন। সম্পূর্ণ রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই এই ফল উৎপাদন করা হয়।

​ইছামতি নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা এই বাগানে প্রতিদিন দূর-দূরান্ত থেকে নানা পেশার মানুষ আসছেন। কেউ কেউ লিচু খেয়ে পরিবারের জন্যও নিয়ে যাচ্ছেন। বাগান মালিকের এই মানবিক ও উদার উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা। পাবনা খামার বাড়ির কৃষি কর্মকর্তারাও এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এমন দৃষ্টান্ত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের ফলের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখছে।

এসআর

সম্পর্কিত খবর