[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীদের বের করে ধান রাখলেন সাবেক স্কুল সভাপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মে ২০২৬ ৯:৫৩ পিএম

সংগৃহীত ছবি

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের খামার হলোখানা মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বের করে দিয়ে ধান রাখার অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শামছুল হকের বিরুদ্ধে। শনিবার (১৬

 মে) সকালে শিক্ষার্থীরা মেঝেতে ধান ছিটানো অবস্থাতেই ক্লাস শুরু করলে বেলা সাড়ে ১১টার দিকে সাবেক সভাপতি ও তার লোকজন এসে তাদের রুম থেকে বের করে দেন।

শিক্ষার্থীরা বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রসুলকে জানালেও তিনি কোনো পদক্ষেপ নেননি, উল্টো শিক্ষকদের সহযোগিতায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরবর্তীতে শিক্ষার্থীরা বাইরে এসে স্থানীয়দের জানালে কয়েকজন ভিডিও করার চেষ্টা করেন, তবে সাবেক সভাপতি তাদের বাধা দেন এবং বাকবিতণ্ডায় জড়ান। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী হওয়ায় শামছুল হক প্রায়ই স্কুল মাঠে ধান মাড়াই, খড় শুকানো ও শ্রেণিকক্ষে ধান রাখার পাশাপাশি জোর করে স্কুল ফিডিংয়ের নাশতা নিজের শ্রমিকদের খাওয়ান।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, গত বৃহস্পতিবার সাবেক সভাপতি ফোনে জানানোর পর তাকে ধান রাখার অনুমতি দেওয়া হয়েছিল এবং শনিবার সকালে ধান সরানোর কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি, তবে শিক্ষার্থীদের বের করে দেওয়ার বিষয়টি তিনি জানেন না। সাবেক সভাপতি শামছুল হক ধান রাখার কথা স্বীকার করলেও স্কুল ফিডিংয়ের নাশতা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

এই ঘটনায় কুড়িগ্রাম সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহেদুল ইসলাম তীব্র অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, শিক্ষার পরিবেশ নষ্টকারী এমন কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

সম্পর্কিত খবর