নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকায় একটি ট্রাকে আগুন লাগার ঘটনাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।
আগুনের পাশাপাশি সড়কে রক্তের দাগ পাওয়ায় ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন উঠছে।
শুক্রবার (১ মে) দুপুর প্রায় ২টার দিকে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ব্রিজ এলাকায় চলন্ত একটি ট্রাকে হঠাৎ আগুন ধরে যায়। বিষয়টি নজরে আসার পর কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ট্রাকটির কিছু দূরে সড়কের ওপর রক্তের দাগ দেখতে পাওয়ায় ঘটনাটি আরও রহস্যজনক হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে জ্বলতে থাকা ট্রাকের পাশাপাশি রাস্তায় রক্তের চিহ্ন দেখে তারা বিস্মিত হন। এতে কোনো দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা ঘটেছে— তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
কাঁচপুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়েছে। তবে আগুনের উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে ট্রাকের চালক বা সহকারী কাউকেই পাওয়া যায়নি।
এদিকে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের কারণ অনুসন্ধান করা হচ্ছে। সড়কে রক্তের দাগ পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো হতাহত ব্যক্তির সন্ধান মেলেনি। পরে একটি রেকার দিয়ে পুড়ে যাওয়া ট্রাকটি সরিয়ে নেওয়া হয়।
ঘটনাটি ঘিরে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসআর