[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩

চিলমারীতে শিশুহত্যা মামলার জট খুলল: দম্পতি আটক, আদালতে স্বীকারোক্তি

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১ মে ২০২৬ ৯:৪০ পিএম

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের চিলমারীতে দুই বছর বয়সী শিশু আয়েশা সিদ্দিকার মৃত্যুর ঘটনায় জড়িতদের শনাক্ত করেছে পুলিশ।

এ ঘটনায় এক দম্পতিকে আটক করা হয়েছে এবং তাদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


পুলিশ জানায়, গত ১৭ এপ্রিল সকালে চিলমারী উপজেলার মাচাবান্ধা সাহাপাড়া এলাকায় নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় আয়েশা। দীর্ঘ খোঁজাখুঁজির পর সেদিন রাত সাড়ে ৯টার দিকে একটি পরিত্যক্ত জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাটি এলাকায় ব্যাপক শোক ও উদ্বেগের সৃষ্টি করে।
পরদিন নিহত শিশুর বাবা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেন। পরে ঘটনাটিকে গুরুত্ব দিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় থানা পুলিশ ও ডিবির সমন্বয়ে একটি দল তদন্ত শুরু করে।


তদন্তের এক পর্যায়ে শুক্রবার (১ মে) ভোরে মাচাবান্ধা গ্রাম থেকে এক দম্পতিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে বলে জানায় পুলিশ।


প্রাথমিক তথ্যে জানা গেছে, ঘটনার দিন শিশুটি প্রতিবেশীর বাড়িতে খেলছিল। খেলাধুলার সময় দুর্ঘটনাবশত আঘাতপ্রাপ্ত হওয়ার পর বিষয়টি আড়াল করতে গিয়ে শ্বাসরোধে তার মৃত্যু ঘটে। পরে মরদেহ গোপনে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।


চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পরপরই পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং আলামত ও তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করা সম্ভব হয়। আদালতে উপস্থাপনের পর একজন আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন।


জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্ত এখনও চলমান রয়েছে এবং অন্য কেউ জড়িত আছে কি না সেটিও যাচাই করা হচ্ছে।


এদিকে, শিশু আয়েশার মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর