[email protected] মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩

রেকর্ড ৪ কোটি ডলারে নিলামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি ‘লুসে’

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৬ ১০:৫৮ এএম

সংগৃহীত ছবি

রেকর্ড ৪ কোটি মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯০ কোটি টাকা) নিলামে বিক্রি হয়েছে

 ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি ‘লুসে’। ব্রিটিশ আইফোন ডিজাইনার স্যার জনি আইভের পরিকল্পিত বিশেষ সংস্করণের এই গাড়িটি ক্যালিফোর্নিয়ায় ‘আরএম সোথেবিজ’ আয়োজিত নিলামে বিক্রি হয়। স্বাভাবিক মূল্যের তুলনায় ৩৫ গুণেরও বেশি দামে বিক্রি হওয়া গাড়িটি নতুন কোনো গাড়ি নিলামের ক্ষেত্রে বিশ্ব রেকর্ড গড়েছে। সোথেবিজ ক্রেতার নাম প্রকাশ করেনি এবং নিলামের পুরো অর্থ ফেরারি ফাউন্ডেশনের শিক্ষামূলক কার্যক্রমে ব্যয় করা হবে।

​গত মে মাসে উন্মোচিত পাঁচ আসনের ব্যাটারিচালিত এই গাড়িটির মাধ্যমে ইতালীয় বিলাসবহুল ব্র্যান্ড ফেরারি (যা ‘প্র্যান্সিং হর্স’ নামেও পরিচিত) বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রবেশ করে। কাস্টমাইজড ব্রেক, বিশেষ নকশার চাকা, স্বতন্ত্র ফিনিশিং ও সাদা রঙের গাড়িটি যেমন সবার দৃষ্টি কাড়ে, তেমনি ফেরারির ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য অনুপস্থিত থাকার অভিযোগে সমালোচনার মুখেও পড়ে। গাড়িটি দেখার জন্য ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা ও পোপ লিওকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

​উন্মোচনের পর সমালোচনার মুখে ফেরারির শেয়ারের দাম কিছুটা হ্রাস পায়। সমালোচকদের মধ্যে ছিলেন ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি এবং ফেরারির সাবেক চেয়ারম্যান লুকা কোরদেরো দি মনতেজেমোলো, যিনি মনে করেন গাড়িটি ফেরারির কিংবদন্তিতুল্য ভাবমূর্তির জন্য ঝুঁকিপূর্ণ।

​তবে সোথেবিজের মতে, এই দাতব্য নিলাম উদ্ভাবন ও ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার এক বড় দৃষ্টান্ত তৈরি করেছে। এর আগে ২০২৫ সালে বিশেষ সংস্করণের 'ফেরারি ডেটোনা এসপি ৩' ২ কোটি ৬০ লাখ ডলারে বিক্রি হয়ে সর্বোচ্চ রেকর্ড গড়িছিল, যা একইভাবে তাদের শিক্ষামূলক উদ্যোগে ব্যয় করা হয়েছিল।

এসআর

সম্পর্কিত খবর