[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

শ্বাসরুদ্ধকর নাটকীয়তায় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ‘এ’

মোঃ আলী আকবর রনী

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫ ১২:৫৪ পিএম

সংগৃহীত ছবি

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে রোমাঞ্চে ভরা এক সেমিফাইনালে ভারত ‘এ’ দলকে সুপার ওভারে পরাজিত করে শিরোপা লড়াইয়ে উঠেছে বাংলাদেশ ‘এ’।

 মূল ম্যাচে একের পর এক নাটকীয় ভুলে যখন উত্তেজনা চরমে, তখনই সুপার ওভারে রিপন মন্ডলের দুর্দান্ত বোলিং ম্যাচটিকে বাংলাদেশের পক্ষে এনে দেয়। 

সুপার ওভারে ব্যাট করতে নেমে প্রথম দুই বলেই উইকেট হারায় ভারত—

• প্রথম বলেই জিতেশ শর্মা আউট

• পরের বলেই ক্যাচ দিয়ে ফেরেন আশুতোষ শর্মা

মাত্র ২ বলে শূন্য রানেই অলআউট হওয়ায় বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১ রান। তবে সেই সহজ লক্ষ্যও মুহূর্তে কঠিন করে তোলে টিম টাইগার্স, কারণ প্রথম বলেই আউট হন ইয়াসির আলী চৌধুরী। শেষ পর্যন্ত সুয়াশ শর্মার ওয়াইডে নিশ্চিত হয় বাংলাদেশের জয়।

এর আগে ২০ ওভারের লড়াইয়ে বাংলাদেশ ‘এ’ দল দেয় ১৯৫ রানের চ্যালেঞ্জ। জবাবে ব্যাট করতে নেমে বৈভব সূর্যবংশী (১৫ বলে ৩৮) ও প্রিয়াংশ আর্যের (২৩ বলে ৪৪) ঝড়ো সূচনায় পাওয়ার প্লেতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত।

শেষ দুই ওভারে ভারতের প্রয়োজন ছিল ২১ রান, হাতে ৫ উইকেট। ঠিক তখনই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। রিপন মন্ডল ১৯তম ওভারে মাত্র ৫ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ একটি উইকেট। শেষ বলে ভারতের প্রয়োজন ছিল ৪ রান—কিন্তু তারা নেয় ৩, ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। বাংলাদেশের হয়ে রাকিবুল হাসান ও আবু হায়দার রনি নেন ২টি করে উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ওপেনিং এনে দেন হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। ৪.২ ওভারে ওপেনিং জুটিতে আসে ৪৩ রান।

জিসান ১৪ বলে ২৬ রান করেই ফেরেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্তে অবিচল ছিলেন হাবিবুর রহমান সোহান। তিনি খেলেন ৪৬ বলে ঝড়ো ৬৫ রানের ইনিংস। শেষদিকে মেহেরব ও ইয়াসির রাব্বির দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৯৪।

 

এসআর

সম্পর্কিত খবর