[email protected] শনিবার, ১ আগস্ট ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩

ফিফা ক্লাব বিশ্বকাপ

গ্রুপ চ্যাম্পিয়ন পিএসজি, মেসিদের সঙ্গে রোমাঞ্চকর লড়াই সামনে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুন ২০২৫ ৪:২২ এএম

ফিফা ক্লাব বিশ্বকাপে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে উঠেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্লাব সিয়াটল সাউন্ডার্স এফসিকে ২-০ গোলে হারিয়ে নিশ্চিত করে গ্রুপ চ্যাম্পিয়নশিপ ও শেষ ষোলোতে জায়গা।

সোমবার লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে দুই অর্ধেই একটি করে গোল করে পিএসজি। প্রথমার্ধে খভিচা কভারাত্সখেলিয়া ও দ্বিতীয়ার্ধে আশরাফ হাকিমি গোল করেন ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়নদের হয়ে।

৩৫তম মিনিটে ভিতিনহার শট ভুল দিক দিয়ে গেলেও তা কভারাত্সখেলিয়ার পিঠে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে পড়ে। ফলে কিছুটা ভাগ্যগুণে এগিয়ে যায় পিএসজি। এরপর দ্বিতীয়ার্ধের ৬৬তম মিনিটে ডান প্রান্ত থেকে বদলি খেলোয়াড় ব্র্যাডলি বারকোলা দারুণ ড্রাইভ করে ফাঁকা অবস্থানে থাকা হাকিমিকে পাস দেন। মরক্কোর ডিফেন্ডার অনায়াসেই বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

এর আগে গত শুক্রবার ব্রাজিলিয়ান ক্লাব বতাফোগোর বিপক্ষে হেরে কিছুটা চাপে ছিল পিএসজি। তবে তারা জানত, সিয়াটলের বিপক্ষে জয় পেলেই গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত হবে। সেই লক্ষ্যেই মাঠে নামে তারা এবং কাঙ্ক্ষিত জয় তুলে নেয়।

অন্যদিকে একই দিনে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হারলেও বতাফোগো গ্রুপ রানার্স আপ হিসেবে নকআউটে জায়গা করে নেয়।

গ্রুপ ‘বি’ থেকে শীর্ষে উঠে আসায় পিএসজি আগামী রোববার আটলান্টায় ‘এ’ গ্রুপের রানার্স আপ ইন্টার মায়ামির মুখোমুখি হবে, যেখানে মেসি ও সুয়ারেসের মতো অভিজ্ঞ তারকারা মাঠে থাকবেন। আর বতাফোগো খেলবে শনিবার ফিলাডেলফিয়ায় ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন পালমেইরাসের বিপক্ষে।

ম্যাচ শেষে পিএসজির মিডফিল্ডার হুয়াও নেভেস বলেন, “আজ আনন্দের দিন। আমরা আটলান্টায় যাচ্ছি, সেখানে নিজের খেলার ধরন বজায় রেখে এগোতে চাই।”

পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, “জয় পেয়ে আমি খুশি। তবে মাঠের অবস্থা ইউরোপের থেকে একেবারে ভিন্ন, ঘাসও আলাদা। তবুও ছেলেরা ভালোভাবে মানিয়ে নিয়েছে।”

নকআউটে পিএসজি প্রতিপক্ষ লিওনেল মেসির ইন্টার মায়ামি। 

ফিফা ক্লাব বিশ্বকাপ নকআউটে কঠিন পরীক্ষা, মেসিদের প্রতিপক্ষ পিএসজি

এসআর

সম্পর্কিত খবর