[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

কোহলিদের শিরোপা উদযাপনে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুন ২০২৫ ১১:২১ এএম

সংগৃহীত ছবি

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শিরোপা জিতে ইতিহাস গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।

দলের এই ঐতিহাসিক অর্জন উদযাপন করতে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন লাখো সমর্থক। তবে উৎসবের আনন্দ মুহূর্তেই রূপ নেয় শোকে, যখন স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে প্রাণ হারান অন্তত ৭ জন। আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ঘটনাটি ঘটে বুধবার (৪ জুন) বিকেলে। এর আগের দিন, মঙ্গলবার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল শিরোপা ঘরে তোলে বিরাট কোহলির নেতৃত্বাধীন বেঙ্গালুরু।

শিরোপা জয়ের পরদিন সকালে কোহলিদের কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে সাক্ষাতের কথা ছিল। এরপর বিকেলে চিন্নাস্বামী স্টেডিয়ামে ভক্তদের সামনে ট্রফি প্রদর্শনের জন্য আয়োজন করা হয় বিজয় উৎসব।

অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই স্টেডিয়ামে ভিড় করতে থাকেন হাজার হাজার ভক্ত। বিকেল নাগাদ চিন্নাস্বামীর ভেতরে দলের অধিনায়ক রজত পতিদার ট্রফি উঁচিয়ে ধরেন, যেখানে সরকারিভাবেও তাদের সংবর্ধনা জানানো হয়। তবে স্টেডিয়ামের বাইরে অপেক্ষমাণ লাখো দর্শক একসময় ভেতরে প্রবেশের চেষ্টা করলে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয়ে প্রাণ হারান সাতজন এবং আহত হন আরও অনেকে।

বিপুল জনসমাগমের ফলে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় নিরাপত্তা বাহিনী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র ক্রিকেট দুনিয়ায়। আনন্দের মুহূর্তে এমন একটি ট্র্যাজেডি নিঃসন্দেহে সকলের জন্য বেদনার।

এসআর

সম্পর্কিত খবর