[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

তামিম ইকবাল লাইফ সাপোর্টে, চলছে এনজিওগ্রাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫ ৫:০৫ এএম

ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেটে দুঃসংবাদ। দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালের শারীরিক অবস্থা সংকটাপন্ন।

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। তার হার্টের অবস্থা মূল্যায়নের জন্য এনজিওগ্রাম করা হচ্ছে।

সোমবার (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে মাঠে নামেন তামিম। বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে টস করার পরই তিনি অস্বস্তি অনুভব করেন।

ড্রেসিংরুমে ফিরে সতীর্থদের বুকে ব্যথার কথা জানান। এরপর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটতে থাকে।

প্রথমে তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়, যেখানে প্রাথমিক পরীক্ষায় হার্টের কিছু জটিলতা ধরা পড়ে। পরিস্থিতি আরও গুরুতর হলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

তবে হেলিকপ্টারে ওঠানোর আগেই অবস্থার আরও অবনতি হলে তাকে স্থানীয় কেপিজে হাসপাতালে স্থানান্তর করা হয়।

মোহামেডানের ম্যানেজার তারিকুল ইসলাম টিটু জানান, ‘তামিমের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ডাক্তাররা এখনই কিছু নিশ্চিত বলতে পারছেন না। তিনি আইসিইউতে আছেন, লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার হার্টের অবস্থা যাচাই করতে এনজিওগ্রাম করা হচ্ছে।’

এসময় পরিবারের সদস্যরা ও বিসিবির কর্মকর্তারা তার পাশে ছিলেন। বিসিবির শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম জানান, বুকে ব্যথা অনুভব করার পর দ্রুত হেলিকপ্টার ডাকা হয়েছিল, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এখন তার চিকিৎসা চলছে, সবাই তামিমের সুস্থতার জন্য প্রার্থনা করুন।

বাংলাদেশের ক্রিকেটে এই দুঃসংবাদ শঙ্কার ছায়া ফেলেছে। পুরো দেশ প্রার্থনায়, তামিম যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

এসআর

সম্পর্কিত খবর