দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বিপরীতে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। এতে সফরকারীদের বিপক্ষে ৪০৩ রানের বড় লিড পায় প্রোটিয়ারা। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় স্বাগতিকদের হাতে।
দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও সেটি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। উইয়ান মুল্ডারের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৮৪ রানেই শেষ হয় টাইগারদের দ্বিতীয় ইনিংস। চার ওভারের স্পেলে পাঁচ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বড় ধস নামান এই প্রোটিয়া পেসার।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে শুরুটা ভালো করেন তানজিদ হাসান ও মাহফিজুল ইসলাম রবিন। তবে ৪৮ বলে ২৯ রান করে তানজিদ আউট হলে উদ্বোধনী জুটি ভেঙে যায়। এরপর মুমিনুল হক কোনো রান না করেই মুল্ডারের বলে সাজঘরে ফেরেন।
একপ্রান্তে রবিন লড়াই চালিয়ে যান। ৬২ বলে সাতটি চারের সাহায্যে ৩৮ রান করে মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লিউ হন তিনি। তার বিদায়ের পর নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন।
বিশেষ করে আক্রমণাত্মক ব্যাটিংয়ে নজর কাড়েন হৃদয়। ৩৩ বলে সাতটি চার ও একটি ছক্কায় ৪১ রান করেন তিনি। শান্তর সঙ্গে তার ৫০ রানের জুটি বাংলাদেশের ইনিংসে কিছুটা স্বস্তি ফিরিয়েছিল। তবে ১২৮ রানে হৃদয় ফিরে গেলে আবারও চাপে পড়ে দল।
পরে লিটন দাসকে সঙ্গে নিয়ে ইনিংস সামলানোর চেষ্টা করেন শান্ত। কিন্তু ৩০ রানের জুটি ভেঙে লিটনকে ফিরিয়ে দেন মুল্ডার। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। জাকের আলী ও শরিফুল ইসলামকে পরপর আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেন এই পেসার। পরে শান্তকে ৩৪ রানে এবং তাসকিন আহমেদকে বোল্ড করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি।
শেষ পর্যন্ত প্রোটিয়া বোলারদের সামনে আর দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। বড় ব্যবধানে হারের পাশাপাশি সিরিজ থেকেও শূন্য হাতে ফিরতে হচ্ছে সফরকারীদের।
এফ/ডি