[email protected] বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩

৫৩ বলে ২০৪ রান, ছক্কার বন্যা বইয়ে দিলেন বৈভব সূর্যবংশী

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ ১১:৩৩ এএম

সংগৃহীত ছবি

ক্রিকেট মাঠে ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ে আলোচনায় ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী।

এমন আগ্রাসী ব্যাটিং করছেন তিনি, যেখানে প্রায় প্রতি দুই বলের ব্যবধানে একটি করে ছক্কা আসছে। সম্প্রতি দোহায় দুর্দান্ত এক ইনিংস খেলে ক্রিকেটবিশ্বকে রীতিমতো চমকে দিয়েছেন এই ব্যাটার।

 

মাত্র ৫৩ বল মোকাবিলা করে ২০৪ রান করেছেন বৈভব। তার ইনিংসে ছিল ২৮টি ছক্কা। অর্থাৎ শুধু ছক্কা থেকেই এসেছে ১৬৮ রান। এত অল্প বলে এত বেশি ছক্কা হাঁকানোর ঘটনা পেশাদার ক্রিকেটে বিরল।

 

ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্রিস পেপলো আগে বৈভবের ব্যাটিং নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে বলেছিলেন, প্রতিটি বলেই ছক্কা মারার মানসিকতা নিয়ে মাঠে নামেন এই তরুণ। তার ব্যাটিংয়ের ধরনেও সেই আক্রমণাত্মক মনোভাব স্পষ্ট।

 

বর্তমান ক্রিকেটে ব্যাটারদের আগ্রাসী হওয়ার প্রবণতা বাড়লেও বৈভবের ব্যাটিং অন্যদের তুলনায় আলাদা। সম্প্রতি ভারতের ঘরোয়া টি-টোয়েন্টিতে প্রিয়াংশ আরিয়ার ৩৬ বলে সেঞ্চুরি এবং ইংল্যান্ডের অ্যানিউরিন ডোনাল্ডের ৩২ বলে ৮৪ রানের ইনিংসও আলোচনায় এসেছে। তবে বৈভবের ৫৩ বলে দ্বিশতক সেই সব পারফরম্যান্সকে ছাড়িয়ে গেছে।

 

এক ইনিংসে ২৮টি ছক্কা মেরে পেশাদার ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল হায়দরাবাদের তন্ময় আগারওয়ালের দখলে। ২০২৩-২৪ মৌসুমের রঞ্জি ট্রফিতে তিনি এক ইনিংসে ২৬টি ছক্কা মেরেছিলেন। অন্যদিকে লিস্ট 'এ' ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ডি'আর্সি শর্টের, ২৩টি।

 

বৈভবের এমন বিধ্বংসী ব্যাটিং অবশ্য নতুন নয়। চলতি বছরের শুরুতে ডাম্বুলায় শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে লিস্ট 'এ' ম্যাচে মাত্র ১১ বলে অর্ধশতক করেছিলেন তিনি। ওই ম্যাচে ২৯ বলে ৯৪ রান করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন।

 

তার ব্যাটিংয়ের বিশেষত্ব নিয়ে গবেষক ক্রিস পেপলো শরীরের গঠন ও কাঁধের ঘূর্ণনের বিষয়টি তুলে ধরেছেন। ব্যাকসুইংয়ের সময় কোমরের তুলনায় কাঁধের অবস্থানে তৈরি হওয়া ব্যবধান শরীরের ঘূর্ণনশক্তি বাড়াতে সহায়তা করে। এই কৌশল কাজে লাগিয়ে শটের শক্তি ও ব্যাটের গতি বাড়াতে পারেন বৈভব। তার ব্যাটিংয়ের ফলো-থ্রুতেও রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য।

সব মিলিয়ে বয়সে তরুণ হলেও ব্যাটিংয়ের আগ্রাসন, শক্তি ও ধারাবাহিক রেকর্ড গড়ার মাধ্যমে বৈভব সূর্যবংশী ইতোমধ্যে ক্রিকেটের অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন।

এফ/ডি

সম্পর্কিত খবর