দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামা হচ্ছে না বাংলাদেশের পেসার হাসান মাহমুদের।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে বোলিং করার সময়ই হাতে ব্যথা অনুভব করেন হাসান। বিশেষ করে ম্যাচের তৃতীয় দিনের শুরুতে বোলিং করতে এসে অস্বস্তি বেড়ে যাওয়ায় নির্ধারিত ওভার শেষ না করেই মাঠ ছাড়তে হয় তাকে। পরে আবার মাঠে ফিরলেও তার হাতে টেপ ব্যবহার করতে দেখা যায়।
হাসানের সমস্যাটি মূলত টেনিস এলবোর সঙ্গে সম্পর্কিত। দীর্ঘদিনের এই চোট নতুন করে দেখা দেওয়ায় সতর্ক অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ।
বিসিবির মেডিকেল টিমের এক সদস্য ক্রিকবাজকে জানিয়েছেন, হাতে টেপ লাগানো সাময়িকভাবে ব্যথা ও ক্ষতির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে। তবে এটিকে স্থায়ী চিকিৎসা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
চিকিৎসকের ব্যাখ্যা অনুযায়ী, দ্রুতগতির বোলাররা বল করার সময় কবজিতে বাড়তি চাপ প্রয়োগ করেন। বারবার এমন চাপ পড়ার কারণে কনুইয়ের টেন্ডনে সমস্যা তৈরি হতে পারে। হাসানের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তার কনুইয়ে সূক্ষ্ম পর্যায়ের টিস্যু ক্ষতি বা মাইক্রো টিয়ার থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। পর্যাপ্ত বিশ্রাম ও সুস্থ হওয়ার সময় না পেলে এ সমস্যা আরও জটিল হতে পারে।
চিকিৎসকের মতে, টেপিংয়ের মাধ্যমে আপাতত ক্ষতি বাড়ার ঝুঁকি কমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু নিয়মিত খেলার চাপ অব্যাহত থাকলে আক্রান্ত অংশের স্বাভাবিকভাবে সেরে ওঠার সুযোগ কমে যাবে। এতে দীর্ঘদিন ব্যথা ও শারীরিক জটিলতা থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সব মিলিয়ে হাসান মাহমুদের সুস্থতার জন্য আপাতত বিশ্রাম ও যথাযথ চিকিৎসাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এফ/ডি