স্প্যানিশ নারী কোচ এনার অধীনে সম্প্রতি এএইচএফ টুর্নামেন্টে রানারআপ হয়েছিল
বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। তবে সেই সাফল্যের সপ্তাহখানেকের মধ্যেই বাংলাদেশে শেষ হচ্ছে তার অধ্যায়। আর এনার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন পর্তুগাল থেকে আসা নতুন কোচ ফার্নান্দো মিগুয়েল। আগামী পহেলা নভেম্বর ডেনমার্কের কোপেনহেগেন থেকে ঢাকায় পা রাখবেন তিনি।
১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয় নারী হ্যান্ডবল দলের উন্নত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করার দায়িত্ব পেয়েছেন এই পর্তুগিজ কোচ। আগামী ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত কাজাখস্তানের আলমাটিতে অনুষ্ঠিত হবে ২১তম এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নেবে লাল-সবুজের দল। আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই কোচ খেলোয়াড়দের কারিগরি দক্ষতা, কৌশলগত সক্ষমতা, শারীরিক প্রস্তুতি এবং দলীয় সমন্বয় বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি প্রয়োগ করবেন।
ফার্নান্দো মিগুয়েল ডি অলিভেইরা নুনেস পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলোয়াড় হিসেবে ৭০টি সিনিয়র আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। তার চমৎকার খেলোয়াড়ি জীবনে অর্জনের মধ্যে রয়েছে ১৯৯২ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ইউরোপীয় অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক, ১৯৯১ সালে পর্তুগালে লাতিন কাপ অর্জন এবং ১৯৯৫ সালে আর্জেন্টিনায় বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়। ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি পর্তুগিজ সরকার কর্তৃক 'ক্রীড়া মেধা পদকে' ভূষিত হয়েছেন।
এসআর