[email protected] বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি, যা জানালেন সোবহানা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬ ৭:৪৭ পিএম

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে নিজের প্রথম শতকের দেখা পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটার সোবহানা মোস্তারি।

সিরিজের দ্বিতীয় ম্যাচে তাঁর সঙ্গে নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত ব্যাটিংয়ে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ নারী দল। তবে ব্যক্তিগত সাফল্য ও রেকর্ড জুটি সত্ত্বেও ম্যাচটিতে জয় পায়নি বাংলাদেশ।

 

ব্রিসবেনে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৮ রানেই তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে দল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দলের ইনিংস শক্তিশালী করেন সোবহানা ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুজনের ব্যাটে গড়ে ওঠে ১৯৫ রানের রেকর্ড জুটি। এর সুবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

 

ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিওতে নিজের অনুভূতি প্রকাশ করেন সোবহানা। তিনি জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে জ্যোতির সঙ্গে এমন বড় জুটি গড়তে পেরে তিনি আনন্দিত। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষেই নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পাওয়াকে বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।

 

সোবহানা বলেন, এই সাফল্যের পেছনে কোচ, সতীর্থ ও বন্ধুদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁরা সব সময় তাঁকে ক্রিজে টিকে থেকে স্বাভাবিক ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন। সেই নির্দেশনা অনুসরণ করে নিজের পরিকল্পনা অনুযায়ী ইতিবাচক শট খেলেছেন তিনি।

 

নিজের শতক নিয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন এই ব্যাটার। সিরিজের পরবর্তী ম্যাচে ভালো করার প্রত্যয়ও জানিয়েছেন তিনি। সোবহানার ভাষ্য, পরের ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল।

উল্লেখ্য, সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা দুই দিন পর। আগের ম্যাচের ইতিবাচক দিকগুলো কাজে লাগিয়ে পরবর্তী লড়াইয়ে ঘুরে দাঁড়াতে চাইবে বাংলাদেশের মেয়েরা।

এসআর

সম্পর্কিত খবর