পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ রান করেন সাদিয়া ইসলাম। ২৮ বলে ৪৪ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। শিরিনা খাতুন ৪০ বলে করেন ৩২ রান। নিশিতা আক্তার নিশির ব্যাট থেকে আসে ২০ বলে ২০ রান। শেষ দিকে মাত্র ৭ বলে ১৪ রান যোগ করেন সাদিয়া আক্তার।
১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। দলের হয়ে রাভাইল ফারহান ২৬ বলে ৩৬ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। আকসা করেন ৩২ বলে ২৩ রান এবং রোজিনা যোগ করেন ১৬ বলে ১৩ রান। তবে অন্য ব্যাটাররা প্রত্যাশিত অবদান রাখতে না পারায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ফারজানা ইয়াসমিন মেধা। তিনি তুলে নেন তিনটি উইকেট। নিশিতা আক্তার নিশি পান দুটি উইকেট। এ ছাড়া আফরিন মিম, অপর্ণা দাস তিথি ও জান্নাতুল ফেরদৌসি একটি করে উইকেট শিকার করেন।
এই জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে ফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
এসআর