ভারতের মাটিতে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।
ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে বড় ব্যবধান থাকলেও ভারত সফরে শক্তিশালী স্কোয়াডই পাঠাচ্ছে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, গ্যাব্রিয়েল ও এন্দ্রিকের মতো তারকারা থাকছেন দলে। তবে ভারতের মাটিতে ভিনিসিয়ুসের পা পড়ছে এবারই প্রথম নয়।
প্রায় এক দশক আগে, ২০১৬ সালের অক্টোবরে ভারতের গোয়ায় অনুষ্ঠিত প্রথম ব্রিকস অনূর্ধ্ব-১৭ ফুটবল কাপে অংশ নিয়েছিলেন ভিনিসিয়ুস। তখন তিনি ছিলেন ফ্লামেঙ্গোর যুব অ্যাকাডেমির খেলোয়াড়। সেই আসরে ভারত ছাড়াও দক্ষিণ আফ্রিকা, রাশিয়া ও চীনের বিপক্ষে মাঠে নামেন তিনি।
টুর্নামেন্টজুড়ে নজর কাড়েন তরুণ ভিনিসিয়ুস। চারটি গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হন তিনি। প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচেই জয় পায় ব্রাজিল এবং শেষ পর্যন্ত শিরোপাও নিজেদের করে নেয়।
ভারতের বিপক্ষে ম্যাচেও গোল করেছিলেন ভিনিসিয়ুস। ব্রাজিলের ৩-১ ব্যবধানের জয়ের ম্যাচে ৮২তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন তিনি।
গোয়া সফরের প্রায় এক বছর পর ৪৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়ুস। ২০১৭ সালে ভারতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও তার খেলার সম্ভাবনা ছিল। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর ক্লাব তাকে সেই প্রতিযোগিতায় অংশ নিতে দেয়নি।
দশ বছর পর আবারও ভারতের মাটিতে খেলতে যাচ্ছেন ব্রাজিলের এই তারকা। এবার অবশ্য বয়সভিত্তিক দলের হয়ে নয়, জাতীয় দলের অন্যতম পরিচিত মুখ হিসেবেই।
এসআর