[email protected] বৃহঃস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩

এক দিনেই কাজাখস্তান-বধ, নারী-পুরুষ দুই দলই পেল বাংলাদেশের জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬ ৭:০৯ পিএম

সংগৃহীত ছবি

চীনের মকিতে চলমান অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি টুর্নামেন্টে দারুণ এক দিন কাটিয়েছে বাংলাদেশ।

একই দিনে কাজাখস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশের নারী ও পুরুষ দল। সকালে পুরুষ দল ৪-২ গোলে এবং বিকেলে নারী দল ৪-০ গোলে কাজাখস্তানকে হারিয়েছে।


পুরুষ দলের এই জয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচে হারায় যুব বিশ্বকাপে খেলার সমীকরণ কঠিন হয়ে পড়েছিল বাংলাদেশের জন্য। যুব এশিয়া কাপে ষষ্ঠ স্থান অর্জনকারী দলগুলো যুব বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে।

গত আসরে যুব বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। এবারও সেই সুযোগ ধরে রাখতে কাজাখস্তানের বিপক্ষে জয় প্রয়োজন ছিল।


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা বাংলাদেশ জুনিয়র হকি দল কাজাখস্তানকে চাপে রাখে। বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন শিমুল ইসলাম, মেহেদী হাসান অভি, তৈয়ব আলী ও মুন্না ইসলাম।


এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে হারে বাংলাদেশ। পরের ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে পরাজিত হয়ে টানা দুই ম্যাচে পয়েন্টশূন্য ছিল দলটি। কাজাখস্তানের বিপক্ষে জয় দিয়ে শেষ পর্যন্ত পয়েন্টের খাতা খুলেছে বাংলাদেশের পুরুষ দল।


বাংলাদেশের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচের ফলের ওপর নির্ভর করবে পরবর্তী পর্বে বাংলাদেশের স্থান নির্ধারণ ও প্রতিপক্ষ।
অন্যদিকে নারী দলও রয়েছে দারুণ ছন্দে।

টানা তিন ম্যাচ জিতে চ্যালেঞ্জার গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে হারলেও গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়।

এসআর

সম্পর্কিত খবর