বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর অনিশ্চয়তার মুখে পড়েছে বলে দেশের
ক্রিকেটে গুঞ্জন ছড়িয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তামিম ইকবাল স্পষ্ট জানিয়েছিলেন, কোনো ধরনের জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করা হবে না। এরপর থেকেই আগামী আসর মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
বিপিএলের এই অনিশ্চয়তা নিয়ে এবার মুখ খুলেছেন জাতীয় দলের তারকা ব্যাটার তাওহীদ হৃদয়। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যস্ত সময় পার করছেন তিনি। সেখানে ৮ বলে ৩১ রানের এক ঝোড়ো ইনিংস খেলার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিপিএল স্থগিত হওয়ার সম্ভাব্য নেতিবাচক দিকগুলো তুলে ধরেন এই তরুণ ব্যাটার।
হৃদয় মনে করেন, বিপিএল অনুষ্ঠিত না হলে তার সবচেয়ে বড় প্রভাব পড়বে দেশি ক্রিকেটারদের ওপর। তিনি বলেন, "বিপিএল না হলে অবশ্যই অনেক বড় ক্ষতি হবে। কারণ অনেক খেলোয়াড় আছেন, যারা শুধু বিপিএল খেলেন। তাদের জন্য এটা বড় ক্ষতি। একইসঙ্গে এটাও দেখতে হবে, যদি ভালো ফ্র্যাঞ্চাইজি না আসে, বারবার বিতর্ক হয়, তাহলে তাদেরও (বিসিবি) যুক্তি আছে। কিন্তু একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আমি চাইব যে বিপিএল হোক।"
বিপিএলকে তরুণ ক্রিকেটারদের উঠে আসার মূল মঞ্চ হিসেবে বর্ণনা করে হৃদয় আরও জানান, টুর্নামেন্ট না হলে দেশের ক্রিকেটে একটি বড় শূন্যতা তৈরি হতে পারে। তিনি যোগ করেন, "অনেক খেলোয়াড় এখান থেকে উঠে আসবেন। যদি এক বছর লিগ না হয়, তাহলে সেই সুযোগ হারাবেন অনেকেই। সেটা দেশের ক্রিকেটের জন্যও বড় ক্ষতির কারণ হতে পারে। তাই নিজে চাইব যে বিপিএল হোক। যদিও আমার চাওয়ায় হয়তো খুব বেশি কিছু যায়-আসে না।"
এসআর