[email protected] বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩

২০২৬ বিশ্বকাপ: কোটি কোটি দর্শকের মহাযজ্ঞ ও ব্যবস্থাপনার নতুন নজির

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬ ৬:৪২ পিএম

সংগৃহীত ছবি

মাঠের লড়াইয়ে যেমন ছিল নতুন রেকর্ড ও রোমাঞ্চ, তেমনি মাঠের বাইরেও ২০২৬ বিশ্বকাপ

 ছিল এক বিশাল মহাযজ্ঞ। কোটি কোটি দর্শকের উপস্থিতি সামাল দিতে বিপুল জনবল, কঠোর নিরাপত্তাব্যবস্থা ও বিশাল পরিমাণ খাদ্য-পানীয় সরবরাহের অনন্য নজির গড়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। টুর্নামেন্ট শেষে প্রকাশিত আনুষ্ঠানিক পরিসংখ্যানে উঠে এসেছে এই আয়োজনের নানান চিত্র।

​গত সোমবার প্রকাশিত ফিফার এক প্রতিবেদনে জানানো হয়, ৩৯ দিনব্যাপী চলা এই বিশ্বকাপে স্টেডিয়ামে সরাসরি বসে খেলা দেখতে আসা দর্শকেরা ৫৫ লাখ ক্যানের বেশি বিয়ার পান করেছেন। পাশাপাশি টুর্নামেন্টজুড়ে বিক্রি হয়েছে প্রায় ৬ লাখ ৭৫ হাজার হট ডগ এবং ৪৬ লাখ ক্যানের বেশি কোমল পানীয় ও বোতলজাত পানি।

​এই বিশাল পরিসংখ্যান প্রমাণ করে, প্রায় ৬৮ লাখের বেশি দর্শককে সেবা দিতে আয়োজকদের কত বড় আয়োজন সম্পন্ন করতে হয়েছে। আমেরিকা, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশে যৌথভাবে অনুষ্ঠিত বিশ্বকাপে ছিল ১৬টি আয়োজক শহর এবং ৪৮টি দলের অনুশীলনকেন্দ্র। পুরো টুর্নামেন্টটি নিরবচ্ছিন্নভাবে পরিচালনায় কাজ করেছেন প্রায় তিন লাখ স্বীকৃত কর্মকর্তা ও কর্মচারী।

​মোট ১০৪টি ম্যাচ সফলভাবে আয়োজনের পেছনে মাঠ পর্যায়ে ভূমিকা রেখেছেন ৪৩ হাজারের বেশি স্বেচ্ছাসেবক এবং ৭৩ হাজার ৭০০ জন স্বীকৃত নিরাপত্তাকর্মী। কেবল স্টেডিয়ামের ভেতরেই নয়, উত্তর আমেরিকাজুড়ে আয়োজিত বিভিন্ন ‘ফ্যান ফেস্ট’-এ অংশ নিয়েছিলেন ৯০ লাখের বেশি দর্শনার্থী।

​উল্লেখ্য, গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনাকে ১–০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে স্পেন। ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস, যার মাধ্যমে ইউরোপের এই দলটি তাদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করে।

এসআর

সম্পর্কিত খবর