[email protected] বুধবার, ২০ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফেডারেশন কাপ ফাইনাল ঘিরে নাটকীয়তা, নিরপেক্ষ ভেন্যু চায় মোহামেডান; ফাইনাল স্থগিত করল বাফুফে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯ মে ২০২৬ ২:১২ পিএম

বাংলাদেশ ফুটবলের অন্যতম জনপ্রিয় দুই দল বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ঘিরে ফেডারেশন কাপ ২০২৫-২৬ ফাইনালের আগে তৈরি হয়েছে উত্তেজনা, অনিশ্চয়তা ও বিতর্ক। সূচি অনুযায়ী আজ ১৯ মে বিকেল ৫:৩০টায় বসুন্ধরা স্পোর্টস সিটির কিংস অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের মিডিয়া ডিপার্টমেন্ট থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “অনিবার্য কারণবশত” আজ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচটি আগামীকাল বুধবার, ২০ মে ২০২৬ একই সময়ে কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে।

এর আগে ফাইনাল ভেন্যু নিয়ে আপত্তি জানিয়ে বাফুফেকে আনুষ্ঠানিক চিঠি দেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। ক্লাবটির দাবি, প্রতিপক্ষ বসুন্ধরা কিংসের হোম ভেন্যুতে ফাইনাল আয়োজন নিরপেক্ষ প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করতে পারে। তাই তারা ম্যাচটি অন্য কোনো নিরপেক্ষ মাঠে আয়োজনের দাবি জানায়।

মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ক্লাব কর্তৃপক্ষ ও সমর্থকরা প্রত্যাশা করেন, “ইউনাইটেড হেলথকেয়ার ফেডারেশন কাপ ২০২৫-২৬–এর ফাইনাল ম্যাচটি একটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হোক।”

চিঠিতে আরও উল্লেখ করা হয়, অতীতে বসুন্ধরা কিংসের মাঠে অনুষ্ঠিত কয়েকটি ম্যাচে মোহামেডানের খেলোয়াড় ও সমর্থকদের প্রতি “মারমুখী ও বিরূপ আচরণ” করা হয়েছিল। এ বিষয়ে আগেও বাফুফেকে লিখিতভাবে জানানো হয়েছিল বলে দাবি ক্লাবটির।

মোহামেডানের টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদও স্পষ্টভাবে জানিয়েছেন, কিংস অ্যারেনায় তারা খেলতে আগ্রহী নয়। তিনি বলেন, “প্রয়োজনে গাজীপুর, মুন্সিগঞ্জ কিংবা মানিকগঞ্জে খেলব। কিন্তু বসুন্ধরা কিংসের নিজস্ব মাঠে ফাইনাল খেলতে চাই না।”

অন্যদিকে পুরো পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বসুন্ধরা কিংসও। বাফুফেকে দেওয়া এক বিবৃতিতে ক্লাবটি জানায়, তারা সবসময় দেশের ফুটবল উন্নয়নে কাজ করেছে এবং ফেডারেশনকে সহযোগিতা করেছে। তবে ফেডারেশন কাপ ফাইনাল ঘিরে বর্তমান পরিস্থিতিকে তারা “অসম্মানজনক” মনে করছে।

বসুন্ধরা কিংসের দাবি, ফাইনাল আয়োজনের বিষয়ে সঠিক প্রক্রিয়া ও নিয়ম অনুসরণ করা হয়নি। এমনকি ম্যাচের দিন পর্যন্ত অনিশ্চয়তা তৈরি হওয়ায় ক্লাবটি বিব্রতকর অবস্থায় পড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, চলতি মৌসুমে তারা কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে একাধিক ম্যাচ খেলেছে, যদিও সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা ছিল না। এরপরও কোনো আপত্তি ছাড়াই তারা ম্যাচে অংশ নিয়েছে।

সবশেষে বসুন্ধরা কিংস জানায়, ট্রফির চেয়ে সম্মানকে বেশি গুরুত্ব দেয় তারা। বর্তমান পরিস্থিতিতে সেই সম্মান বজায় নেই বলেই তারা ফাইনাল বাতিল করে প্রতিপক্ষকে চ্যাম্পিয়ন ঘোষণা করার আহ্বান জানিয়েছে।

দুই ক্লাবের বিপরীতমুখী অবস্থান এবং শেষ মুহূর্তে ম্যাচ স্থগিত হওয়ার ঘটনায় দেশের ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, আগামীকাল নির্ধারিত সময়ে কিংস অ্যারেনায় ফাইনাল মাঠে গড়ায় কি না।

 

এসআর

সম্পর্কিত খবর