[email protected] বুধবার, ২০ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফেডারেশন কাপ ফাইনাল বাতিলের দাবি বসুন্ধরা কিংসের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯ মে ২০২৬ ১:০৪ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) উদ্দেশ্য করে দেওয়া এক বিবৃতিতে ফেডারেশন কাপ ২০২৫-২৬ মৌসুমের ফাইনাল বাতিলের দাবি জানিয়েছে বসুন্ধরা কিংস। একই সঙ্গে প্রতিপক্ষ দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করার অনুরোধও জানিয়েছে ক্লাবটি।

বিবৃতিতে বসুন্ধরা কিংস জানায়, তারা সবসময় বাংলাদেশ ফুটবল ও বাফুফের উন্নয়নে কাজ করে এসেছে। দেশের ফুটবলের অবকাঠামো, প্রশাসন ও সার্বিক উন্নয়নে ক্লাবটি দীর্ঘদিন ধরে সময়, শ্রম ও বিনিয়োগ করেছে। এমনকি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও বাফুফেকে সহযোগিতা করেছে তারা।

ক্লাবটির দাবি, ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তারা সবসময় আইন, বিধি ও সিদ্ধান্তকে সম্মান করেছে। তবে ফেডারেশন কাপের ফাইনাল ঘিরে বাফুফের অবস্থান “প্রশ্নবিদ্ধ” বলে মনে করছে বসুন্ধরা কিংস।

তাদের অভিযোগ, ফাইনাল আয়োজনের ক্ষেত্রে নির্ধারিত নিয়মকানুন ও অংশীজনদের সঙ্গে আলোচনা সঠিকভাবে অনুসরণ করা হয়নি। এমনকি ফাইনালের দিনও ম্যাচ অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে স্পষ্টতা না থাকায় ক্লাবটি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের ফুটবলের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার মতো কর্মকাণ্ডকে তারা অসম্মানজনক মনে করছে।

এছাড়া চলতি মৌসুমে চ্যালেঞ্জ কাপ, বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) এবং ফেডারেশন কাপের বেশ কয়েকটি ম্যাচ মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের হোম ভেন্যু কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলেছে বসুন্ধরা কিংস। যদিও স্টেডিয়ামের সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও দর্শক ব্যবস্থাপনা যথাযথ ছিল না বলে দাবি করেছে ক্লাবটি। এরপরও তারা কোনো ধরনের বিতর্ক সৃষ্টি না করে সব ম্যাচে অংশ নিয়েছে বলে উল্লেখ করা হয়।

সবশেষে বসুন্ধরা কিংস জানায়, ট্রফির চেয়ে সম্মানকে বেশি গুরুত্ব দেয় তারা। বর্তমান পরিস্থিতিতে সেই সম্মান বজায় নেই বলেই ফেডারেশন কাপের ফাইনাল বাতিল করে প্রতিপক্ষ দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করার আহ্বান জানিয়েছে ক্লাবটি।

এসআর

সম্পর্কিত খবর