বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্বের মেয়াদ শেষ করেছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
গত ৩০ এপ্রিল তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আর চুক্তি বাড়ায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রায় চার বছর দায়িত্ব পালন শেষে বাংলাদেশের ফুটবল অধ্যায়ের ইতি টানলেন তিনি।
২০২২ সালের জানুয়ারিতে দলের দায়িত্ব নেওয়ার পর তার অধীনে বাংলাদেশ মোট ৩৯টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১০টি জয়, ১০টি ড্র এবং ১৯টি ম্যাচে হার রয়েছে।
জয়গুলোর মধ্যে ভুটান ও মালদ্বীপের বিপক্ষে তিনটি করে এবং কম্বোডিয়ার বিপক্ষে দুটি জয় উল্লেখযোগ্য। এছাড়া ভারত ও সিশেলসের বিপক্ষেও একটি করে জয় পেয়েছিল দল।
দায়িত্ব ছাড়ার পর এক আবেগঘন বার্তায় ক্যাবরেরা জানান, বাংলাদেশের সঙ্গে তার সময়টা ছিল স্মরণীয়। দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করাকে তিনি নিজের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, এই যাত্রায় অর্জিত অভিজ্ঞতা ও স্মৃতি সবসময় বিশেষ হয়ে থাকবে।
তার কোচিং মেয়াদে বাংলাদেশ ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নেয়। পাশাপাশি দুই দশকেরও বেশি সময় পর ভারতের বিপক্ষে জয়ও আসে, যা তার কাছে বড় সাফল্য হিসেবে ধরা দিয়েছে।
বিদায়ী বার্তায় তিনি আরও বলেন, দলের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলা এবং শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াই করার সক্ষমতা তৈরি করা ছিল এই সময়ের বড় অর্জন। একই সঙ্গে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার দিকেও তিনি গুরুত্ব দেন।
ক্যাবরেরার দাবি, তার সময়েই ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি হয়েছে। বিশেষ করে অনূর্ধ্ব-২৩ পর্যায়ের বহু খেলোয়াড় জাতীয় দলে সুযোগ পেয়ে নতুন প্রজন্মের একটি শক্তিশালী দল গঠনের পথ তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।
সব মিলিয়ে, বাংলাদেশের ফুটবলে তার সময়টা সাফল্য-ব্যর্থতার মিশেলে হলেও স্মরণীয় অধ্যায় হিসেবেই দেখছেন এই স্প্যানিশ কোচ।
এসআর