রাজধানীর সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বৃহস্পতিবার দুপুর ২টায় অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ এশিয়ান বিচ গেমস, সানইয়া ২০২৬ উপলক্ষে অফিসিয়াল ফটো সেশন সেরিমনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় উপস্থিত ছিলেন বিওএ’র মহাসচিব মো. জোবায়েদুর রহমান রানা, গেমসের শেফ দ্য মিশন ও বিওএ’র সহ-সভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব.), উপ-মহাসচিব এম. এ. কুদ্দুসসহ নির্বাহী কমিটির সদস্যরা।
এছাড়া বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবির, পরিচালক (অর্থ) তন্ময় ইসলাম, জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধিসহ বাংলাদেশ কন্টিনজেন্টের বিভিন্ন ফেডারেশনের খেলোয়াড় ও দলীয় কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
ফটো সেশন শেষে বিওএ সভাপতি খেলোয়াড় ও কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, দেশের জন্য গৌরব ও সম্মান অর্জনে সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানের পর বিকাল ৫টায় অলিম্পিক ভবনে এক প্রেস মিট অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদ (অব.)। উপস্থিত ছিলেন বিওএ মহাসচিব মো. জোবায়েদুর রহমান রানা, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবির এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল আহসান।
পরে সন্ধ্যা ৬টায় অংশগ্রহণকারী খেলোয়াড় ও দলীয় কর্মকর্তাদের জন্য একটি ব্রিফিং সেমিনার অনুষ্ঠিত হয়। এতে গেমস সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়।
এসআর