[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

বিশ্বকাপ চলাকালে শোকাহত রিংকু সিং, না ফেরার দেশে বাবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১:৩১ পিএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে ব্যক্তিগত শোকের মুখে পড়েছেন ভারতের ক্রিকেটার রিংকু সিং।

তার বাবা খানচাদ সিং শুক্রবার ভোরে গ্রেটার নয়ডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।


গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালের চিকিৎসক ডা. সুনীল কুমার জানান, খানচাদ সিং লিভার ক্যানসারে ভুগছিলেন। গত ২১ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেটরে রাখা হয়েছিল। কয়েক দিন সংকটাপন্ন থাকার পর শুক্রবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটায় টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে মাঝপথে দেশে ফিরতে হয় রিংকুকে। পরে ২৬ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে তিনি আবার দলের সঙ্গে যোগ দেন। এর আগে নয়ডায় গিয়ে বাবার সঙ্গে সময় কাটান তিনি।


রিংকুর সাবেক কোচ মাসুদ আমিনি ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন খানচাদ সিং। শেষ কয়েক দিন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল।


উত্তর প্রদেশের আলিগড়ের বাসিন্দা ২৮ বছর বয়সী রিংকু বরাবরই তার সাফল্যের পেছনে বাবার অবদানের কথা উল্লেখ করেছেন। খানচাদ সিং আলিগড়ে গ্যাস সিলিন্ডার সরবরাহের কাজ করতেন এবং আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্নকে সমর্থন জুগিয়েছেন।


পরিবার জানিয়েছে, আলিগড়েই তার দাফন বা শেষকৃত্য সম্পন্ন হবে এবং সেখানে উপস্থিত থাকবেন রিংকু সিং।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর