ভারতে গিয়ে খেলতে অনীহা প্রকাশ করায় আগেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ দলের পরিবর্তে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে।
এরই ধারাবাহিকতায় এবার আরও একটি আলোচিত সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার জন্য বাংলাদেশ থেকে যেসব সাংবাদিক অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন করেছিলেন, তাদের সবাইকে বাতিল করা হয়েছে। ফলে এবারের বিশ্বকাপে বাংলাদেশ থেকে কোনো ক্রীড়া সাংবাদিক সরাসরি কাভারেজে অংশ নিতে পারছেন না।
আগের সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই সূচি অনুসারে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা আইসিসির নির্ধারিত ফরম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই অ্যাক্রিডিটেশনের আবেদন জমা দিয়েছিলেন।
বাংলাদেশ দল অংশ নিক বা না নিক—বিশ্বকাপ কাভার করার লক্ষ্যে অনেক সাংবাদিক ভারত ও শ্রীলঙ্কা সফরের প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়ার পর থেকে প্রতিটি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশি সাংবাদিকদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।
এমনকি ১৯৯৯ সালের আগেও, যখন বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নেয়নি, তখনও একাধিক আসরে দেশের সাংবাদিকরা কাভারেজে যুক্ত ছিলেন। বিশ্বকাপ ক্রিকেট ঘিরে দেশের মানুষের ব্যাপক আগ্রহ থাকায় প্রায় প্রতিটি গণমাধ্যমই নিয়মিতভাবে সাংবাদিক পাঠিয়ে থাকে।
আইসিসির এ সিদ্ধান্তে দেশের ক্রীড়া সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিষয়টি নিয়ে দেশব্যাপী প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: