[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

বিশ্বকাপের সংশোধিত সূচি প্রকাশ, বাংলাদেশ প্রসঙ্গে যা জানাল আইসিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬ ৯:৪১ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় আইসিসি এবং একই সঙ্গে প্রকাশ করা হয় নতুন সূচি।


এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতে বিশ্বকাপে অংশ না নেওয়ার অবস্থান নেয় বাংলাদেশ। এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে গত বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল আইসিসি। ওই দিন বিসিবি ও জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশ তাদের আগের সিদ্ধান্তেই অটল রয়েছে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও বলেন, ম্যাচ শ্রীলংকায় সরানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তবে এসব আলোচনার পরও সূচি পরিবর্তনের বিষয়ে সম্মতি দেয়নি আইসিসি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না পাওয়ায় নীতিমালা অনুযায়ী বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বাংলাদেশের পরিবর্তে গ্রুপ ‘সি’-তে অংশ নেবে স্কটল্যান্ড। এই গ্রুপে স্কটল্যান্ডের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।


আইসিসি তাদের বিবৃতিতে জানায়, ভারতের ভেন্যুতে বাংলাদেশ দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে ম্যাচ শ্রীলংকায় সরানোর আবেদন গ্রহণ করা হয়নি। যদিও শ্রীলংকা যৌথ আয়োজক দেশ, তবুও সূচি পরিবর্তনের যৌক্তিকতা পাওয়া যায়নি বলে জানানো হয়।


এ বিষয়ে আইসিসি অভ্যন্তরীণ ও স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে একাধিকবার নিরাপত্তা মূল্যায়ন পরিচালনা করে। সেই মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো হয় যে, ভারতীয় ভেন্যুগুলোতে বাংলাদেশ দল, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য বাস্তব কোনো নিরাপত্তা হুমকি নেই।


বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে আলোচনা চালানো হয়েছে। এ সময় ভার্চুয়াল ও সরাসরি বৈঠকসহ বিভিন্ন পর্যায়ে বিসিবির সঙ্গে যোগাযোগ রাখা হয়। পাশাপাশি কেন্দ্র ও অঙ্গরাজ্য পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থাসহ বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনাও বিসিবিকে জানানো হয়।


সব দিক বিবেচনা করে এবং টুর্নামেন্টের সামগ্রিক স্বার্থ মাথায় রেখে প্রকাশিত সূচিতে কোনো পরিবর্তন না আনার সিদ্ধান্ত নেয় আইসিসি। নির্ধারিত ২৪ ঘণ্টার সময়সীমার মধ্যে বাংলাদেশ চূড়ান্ত সম্মতি না দেওয়ায় শেষ পর্যন্ত বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর