[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে আপত্তি জানাল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬ ৭:১১ পিএম

সংগৃহীত ছবি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনাকে বাংলাদেশের প্রতি অবিচার বলে মন্তব্য করেছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি।


ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ দীর্ঘদিন ধরে অনড় অবস্থান বজায় রেখেছে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছিলেন।

পাকিস্তান এই সিদ্ধান্তে বাংলাদেশকে সমর্থন করছে—এমন আলোচনা আগে থেকেই শোনা গেলেও এবার তা সরাসরি প্রকাশ্যে আনলেন পিসিবি চেয়ারম্যান।
শুক্রবার লাহোরে পিসিবির প্রধান কার্যালয়ে একটি ক্যাফে উদ্বোধন অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মহসিন নাকভি। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ন্যায্য আচরণ করা হয়নি। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং যেকোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত।


আইসিসির নীতিগত অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন নাকভি। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে ভারত পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফি কিংবা এশিয়া কাপ খেলেনি। সে সময় বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছিল। তার প্রশ্ন—যদি পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে সমাধানের পথ বের করা যায়, তাহলে বাংলাদেশের জন্য একই ধরনের ছাড় বা সমাধান কেন বিবেচনা করা হবে না।


পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না—এমন প্রশ্নের উত্তরে পিসিবি চেয়ারম্যান জানান, বিষয়টি পুরোপুরি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তিনি বলেন, সরকার যদি অংশ না নেওয়ার নির্দেশ দেয়, তাহলে পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে। প্রধানমন্ত্রী দেশে ফিরলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর