[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়, গোলবন্যায় জবাব দিল বাংলার মেয়েরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬ ৩:৫৪ পিএম

সংগৃহীত ছবি

ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে একদিন আগেই পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে হতাশ হয়েছিল বাংলাদেশ।

তবে সেই আক্ষেপ বেশিক্ষণ টিকতে দেননি দেশের মেয়েরা। সুযোগ পেয়েই মাঠে নেমে দুর্দান্ত এক জয়ে পাকিস্তানের বিপক্ষে শক্ত জবাব দিল লাল-সবুজের প্রতিনিধিরা।


থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে শুক্রবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান নারী দলকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল। ম্যাচে একক নৈপুণ্যে চার গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। দুটি করে গোল যোগ করেন কৃষ্ণা রানী সরকার ও নৌশিন জাহান। বাকি একটি গোল আসে নিলুফা ইয়াসমিন নীলার কাছ থেকে।


এই জয়ের ফলে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্র নিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১৩ পয়েন্টে। শিরোপার দৌড়ে তারা এখন বেশ এগিয়ে। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, যদিও একটি ম্যাচ কম খেলেছে তারা।


এর আগে টুর্নামেন্টের শুরুতেই শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে চমক দেখায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র হলেও দ্রুত ঘুরে দাঁড়ায় দলটি। পরের ম্যাচগুলোতে নেপালকে ৩-০ এবং শ্রীলঙ্কাকে ৬-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পায় সাবিনা-কৃষ্ণারা।


পাকিস্তানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। সপ্তম মিনিটে কৃষ্ণার পাস থেকে প্রথম গোলটি করেন সাবিনা। এরপর সাবিনার বাড়ানো বলে নীলা ব্যবধান দ্বিগুণ করেন। দশম মিনিটে নৌশিন গোল করে স্কোরলাইন আরও বড় করেন।


প্রথমার্ধের মাঝামাঝি সময়ে নৌশিন নিজের দ্বিতীয় গোলটি করেন, এরপর দ্রুত ব্যবধানে কৃষ্ণা ও সাবিনার গোলে পাকিস্তান কার্যত ম্যাচ থেকে ছিটকে যায়। বিরতিতে যাওয়ার আগেই বড় ব্যবধানের লিড নিশ্চিত করে ফেলে বাংলাদেশ।


দ্বিতীয়ার্ধে কিছুটা ধীরগতিতে খেললেও গোলের ধারা থামেনি। কৃষ্ণা নিজের দ্বিতীয় গোলটি করেন সাবিনার পাসে। পাকিস্তানের হয়ে একটি সান্ত্বনার গোল এলেও শেষদিকে আবারও জোড়া গোল করে বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ। এর একটি সাবিনার শট থেকে, আর শেষ গোলটিও আসে অধিনায়কের পা থেকেই।


রাউন্ড রবিন লিগে বাংলাদেশের শেষ ম্যাচ রোববার মালদ্বীপের বিপক্ষে। সেই ম্যাচে জয় পেলেই শিরোপা নিশ্চিত হবে সাবিনা খাতুনদের।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর