বিভিন্ন নাটকীয়তার পর গত বুধবার আইসিসি বাংলাদেশকে জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হলে ভারতে গিয়েই খেলতে হবে।
তবে এ সিদ্ধান্তের পরও নিজেদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের মাটিতে বিশ্বকাপ ম্যাচ খেলবে না—এই বার্তাই আবারও স্পষ্ট করেছে তারা।
এবার আইসিসিকে ই-মেইলের মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে পুনরায় জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। সেই সঙ্গে যুক্ত করা হয়েছে একটি নতুন দাবি। বিসিবি অনুরোধ করেছে, ভেন্যু পরিবর্তন সংক্রান্ত বিষয়টি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়।
কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে আইসিসির স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি সিদ্ধান্ত দিয়ে থাকে।
এর আগে গতকাল ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের সিদ্ধান্তে পরিবর্তনের কোনো সুযোগ নেই।
এদিকে আইসিসি বুধবার বাংলাদেশের অবস্থান জানিয়ে দেওয়ার পর থেকে এ বিষয়ে প্রকাশ্যে আর কোনো মন্তব্য করেনি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এ নিয়ে নীরব অবস্থান বজায় রেখেছে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের নির্ধারিত সব ম্যাচই ভারতের ভেন্যুতে। সূচি অনুযায়ী প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি জানানো হলেও এখনো সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
অন্যদিকে বাংলাদেশও তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। ফলে চলমান অচলাবস্থার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এসআর
মন্তব্য করুন: