দাপুটে জয়ে সুপার সিক্সে বাংলাদেশ নারী দল অনুমানটাই সত্যি হলো।
শক্তির বিচারে পিছিয়ে থাকা নামিবিয়ার সামনে কোনো সুযোগই রাখেনি বাংলাদেশ নারী দল। টানা তৃতীয় জয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে সুপার সিক্সে জায়গা করে নিল টাইগ্রেসরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গ্রুপ পর্বের ম্যাচে নামিবিয়াকে ৮০ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।
কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে টসে জিতে নামিবিয়া বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। তবে ইনিংসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস কোনো রান না করেই আউট হন। যদিও অন্য ওপেনার দিলারা আক্তার শুরু থেকেই আগ্রাসী ছিলেন। তিনি ১৭ বলে ২৫ রান করেন।
মাঝের ওভারগুলোতে বাংলাদেশের রান তুলতে কিছুটা ধীরগতি দেখা যায়। সোবহানা মোস্তারী ২৩ বলে ২৭ রান যোগ করেন। স্বর্ণা আক্তার খেলেন ১৮ বলে ২৩ রানের কার্যকর ইনিংস। শেষ দিকে রাবেয়া খানের ৫ বলে ১১ রানের দ্রুত ক্যামিওতে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। নামিবিয়ার পক্ষে সিলভিয়া সিহেপো ও সাইমা তুহাদেলেনি দুটি করে উইকেট শিকার করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে নামিবিয়া। মাত্র ২০ রানেই ভেঙে যায় তাদের ওপেনিং জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। বাংলাদেশের বোলাররা ধারাবাহিকভাবে চাপ সৃষ্টি করে ব্যাটারদের দাঁড়াতেই দেননি।
সানজিদা আক্তার মেঘলা, ফাহিমা খাতুন ও রাবেয়া খান সমন্বিত বোলিং আক্রমণে একের পর এক উইকেট হারায় নামিবিয়া। মাত্র ৬৪ রানেই অলআউট হয়ে যায় তারা, হার মানে ৮০ রানের বিশাল ব্যবধানে।
বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেঘলা ছিলেন ম্যাচের সেরা পারফরমার। ৪ ওভার বল করে ১৪ রানে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। এছাড়া রাবেয়া খান ও ফাহিমা খাতুন তিনটি করে উইকেট শিকার করেন।
এসআর
মন্তব্য করুন: