ফুটবল বিশ্বে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো—এই দুই তারকার তুলনা নিয়ে
ভক্তদের বিতর্কের শেষ নেই। মাঠের সাফল্য ও শিরোপার বিচারে মেসি এগিয়ে থাকলেও, আয়-উপার্জনের ক্ষেত্রে স্পষ্টভাবে এগিয়ে রোনালদো।
একটি সাম্প্রতিক আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের সর্বোচ্চ আয় করা খেলোয়াড়দের তালিকায় টানা তৃতীয়বারের মতো শীর্ষস্থান ধরে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত এক বছরে তার মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২৬০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ হাজার ৭২০ কোটি টাকা।
সৌদি আরবের ক্লাব আল-নাসরের সঙ্গে চুক্তি থেকে বছরে প্রায় ২০০ মিলিয়ন ডলার আয় করছেন ৪০ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। এর বাইরে বিজ্ঞাপন, স্পনসরশিপ, সামাজিক যোগাযোগমাধ্যম ও নিজস্ব ব্যবসা থেকে অতিরিক্ত প্রায় ৬০ মিলিয়ন ডলার যোগ হয়েছে তার আয়ে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে খেলা লিওনেল মেসির আয় তুলনামূলকভাবে কম। তালিকায় তিনি রয়েছেন তৃতীয় স্থানে এবং তার মোট আয় রোনালদোর প্রায় অর্ধেক। তবে মাঠের বাইরের প্রভাব, জনপ্রিয়তা ও ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে মেসি এখনো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রীড়াবিদদের একজন।
এদিকে, সৌদি প্রো লিগের আল-হিলালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর আয়ে বড় ধাক্কা খেয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ২০২৫ সালে তার মোট আয় নেমে এসেছে প্রায় ৩৭ মিলিয়ন ডলারে, যার ফলে তিনি শীর্ষ ছয় থেকে পিছিয়ে গিয়ে তালিকার প্রায় ৩০তম অবস্থানে চলে গেছেন।
এসআর
মন্তব্য করুন: