[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

নোয়াখালীর পর টুর্নামেন্ট শেষ মিঠুনদেরও, প্লে-অফে রংপুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ৬:৩৪ পিএম

সংগৃহীত ছবি

বিপিএলের চলতি আসর থেকে বিদায় নেওয়া দলের তালিকায় নোয়াখালী এক্সপ্রেসের পর এবার যুক্ত হলো ঢাকা ক্যাপিটালসের নাম।

শনিবার (১৭ জানুয়ারি) রংপুর রাইডার্সের কাছে হেরে প্লে-অফের সম্ভাবনা শেষ হয়ে গেছে মোহাম্মদ মিঠুনের দলের। এই জয়ের মাধ্যমে শেষ চারে খেলা নিশ্চিত করেছে রংপুর।


ডেভিড মালান ও তাওহিদ হৃদয়ের ব্যাটে ভর করে বড় সংগ্রহ গড়ে রংপুর। লক্ষ্য তাড়ায় ঢাকা ভালো লড়াই করলেও শেষ পর্যন্ত জয় ধরা দেয়নি। বিশেষ করে মোহাম্মদ সাইফউদ্দিনের ঝড়ো ইনিংস হারের ব্যবধান কমালেও ফল বদলাতে পারেনি। ১১ রানের ব্যবধানে ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে রংপুর। অন্যদিকে, ৯ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে আসর শেষ হলো ঢাকার।


মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে রংপুর রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৮১ রান। জবাবে ঢাকা ক্যাপিটালস ৭ উইকেট হারিয়ে করতে পারে ১৭০ রান।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারায় ঢাকা। প্রথম ওভারেই শূন্য রানে বিদায় নেন আবদুল্লাহ আল মামুন। ওপেনার উসমান খান ১৮ বলে ৩১ রান করে ভালো সূচনা দিলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। তিন নম্বরে নেমে সাইফ দ্রুত রান তুললেও ৬ বলে ১২ রানের বেশি করতে পারেননি। সাব্বির রহমান ও শামিম হোসেনও বেশিক্ষণ টিকতে পারেননি।
অধিনায়ক মোহাম্মদ মিঠুন ২৯ বলে করেন ২৫ রান।

শেষদিকে একাই প্রতিরোধ গড়েন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনটি চার ও পাঁচটি ছক্কায় ৩০ বলে অপরাজিত ৫৮ রান করেন তিনি। ইমাদ ওয়াসিম কিছুটা সঙ্গ দিলেও ২০ রানের বেশি করতে পারেননি। ফলে নির্ধারিত ওভার শেষে ১৭০ রানেই থামে ঢাকার ইনিংস।
এর আগে রংপুরের হয়ে ওপেনিং জুটিতে ঝড় তোলেন ডেভিড মালান ও তাওহিদ হৃদয়। পাওয়ার প্লেতে আসে ৫০ রান, এরপর রান তোলার গতি আরও বাড়ান দুজন।

তাদের জুটিতেই আসে ১২৬ রান। মালান ৪৯ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৭৮ রান করে তাসকিন আহমেদের বলে বোল্ড হন। হৃদয় ৪৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় করেন ৬২ রান। তরুণ পেসার মারুফ মৃধা তাকে ফিরিয়ে বিপিএলে নিজের প্রথম উইকেটের স্বাদ নেন।
মধ্যভাগে কাইল মায়ার্স ১৬ বলে ২৪ রান যোগ করেন।

 

শেষ ওভারে সাইফউদ্দিনের বলে পরপর দুই বলে আউট হন মায়ার্স ও অধিনায়ক লিটন দাস। তাতেই ১৮১ রানে থামে রংপুরের ইনিংস।
ঢাকার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সাইফউদ্দিন, যিনি নেন ২ উইকেট। তাসকিন আহমেদ ও মারুফ মৃধা পান একটি করে উইকেট। ম্যাচে সর্বোচ্চ রান করা ডেভিড মালান পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর