[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

পরীক্ষায় নকলের নতুন কৌশল: চীনে বাড়ছে এআই স্মার্ট চশমার ব্যবহার

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬ ৩:৪৫ পিএম

চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে কঠিন পরীক্ষাগুলোতে ভালো ফল পেতে শিক্ষার্থীদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত স্মার্ট চশমা ব্যবহারের প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। সাধারণ চশমার মতো দেখতে এই ডিভাইসগুলো

 ব্যবহার করে শিক্ষার্থীরা সহজেই প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছে, যা শিক্ষকদের পক্ষে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

ব্যয়বহুল এই প্রযুক্তিটি সাধারণ শিক্ষার্থীদের নাগালে আনতে এখন প্রতিদিন মাত্র ৪০ থেকে ৬০ ইউয়ান (৬ থেকে ৯ ডলার) ভাড়ায় পাওয়ার সুযোগ তৈরি হয়েছে ‘জিয়ানহু’-এর মতো সেকেন্ডহ্যান্ড মার্কেটপ্লেসগুলোতে।

​প্রযুক্তিগতভাবে এই চশমাগুলো অত্যন্ত উন্নত, যাতে সংযুক্ত রয়েছে ক্যামেরা, অডিও ফিচার এবং শক্তিশালী এআই ল্যাঙ্গুয়েজ মডেল। শিক্ষার্থীরা আংটির মতো ছোট একটি রিমোটের সাহায্যে প্রশ্ন স্ক্যান করে এআই সিস্টেমে পাঠায় এবং চশমার লেন্সেই তৎক্ষণাৎ উত্তর ভেসে ওঠে।

শাওমি ও আলিবাবার মতো বড় প্রতিষ্ঠানগুলো এসব হালকা ও আধুনিক মডেলের চশমা তৈরি করছে। যদিও বড় ধরনের জাতীয় বা সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগুলোর ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু স্কুল-কলেজের অভ্যন্তরীণ পরীক্ষায় এর ব্যবহার থামানো যাচ্ছে না।

​হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এক গবেষণায় দেখা গেছে, এআই চশমা ব্যবহারকারী একজন শিক্ষার্থী সাধারণের চেয়ে ২০ শতাংশের বেশি নম্বর পেয়ে ক্লাসের শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে।

অনেক শিক্ষার্থী ফেল করার ভয় থেকে বা গ্রেড বাড়াতে এই অসদুপায় বেছে নিচ্ছেন এবং ব্যক্তিগতভাবে অন্যদের কাছেও এগুলো ভাড়া দিচ্ছেন। প্রযুক্তির এমন অপব্যবহার বর্তমান প্রচলিত শিক্ষাব্যবস্থা ও পরীক্ষা পদ্ধতির স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এসআর

সম্পর্কিত খবর