[email protected] বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৯ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ ফুটবল

হামজা ঢাকায়, ফুটবলপ্রেমীদের চোখ এখন ৪ ও ১০ জুনে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুন ২০২৫ ৮:৩৪ এএম

প্রথমবার দেশের মাটিতে লাল-সবুজ জার্সিতে খেলতে ঢাকায় এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। আজ (সোমবার) সকাল ১০টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তিন নির্বাহী সদস্য হামজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। সঙ্গে ছিলেন তার বাবা-মাও।

বাংলাদেশ জাতীয় দলে অভিষেক অবশ্য আগেই হয়ে গেছে এই প্রবাসী তারকার। চলতি বছরের মার্চে ভারতের শিলংয়ে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নামেন তিনি। তবে এবার প্রথমবারের মতো দেশের মাটিতে লাল-সবুজের জার্সিতে খেলবেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার, যার জন্ম এবং বেড়ে ওঠা ইংল্যান্ডে।

আগামী ৪ জুন ঢাকায় ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ড সামনে রেখে বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন হামজা। তবে ঠিক কোন ম্যাচে তিনি মাঠে নামবেন, তা এখনও নিশ্চিত নয়। দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা অবশ্য গত সপ্তাহেই ইঙ্গিত দিয়েছিলেন, ভুটানের বিপক্ষে ম্যাচে মাঠে নামিয়ে সিঙ্গাপুরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দেশের মাঠে হামজাকে খেলার স্বাদ দিতে চান তিনি।

জাতীয় দলের সঙ্গে আরও দুই প্রবাসী ফুটবলারও যুক্ত হচ্ছেন সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে। তাদের একজন ফাহামিদুল ইসলাম, যিনি এরই মধ্যে এসে গেছেন। অন্যজন শামিত সোম, যিনি মঙ্গলবার বাংলাদেশে পৌঁছাবেন।

দীর্ঘদিন প্রিমিয়ার লিগে খেলা, শারীরিকভাবে শক্তিশালী এবং কৌশলে পরিপক্ব এই মিডফিল্ডারকে ঘিরে ভীষণ আশাবাদী বাংলাদেশ ফুটবলভক্তরা। মাঠে তার উপস্থিতি দলের মাঝমাঠে ভারসাম্য আনার পাশাপাশি বাড়িয়ে দেবে আক্রমণ ও রক্ষণে কার্যকারিতা—এমন প্রত্যাশায় বুক বাঁধছে দেশের কোটি সমর্থক।

 

এসআর

সম্পর্কিত খবর