[email protected] রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল ঘিরে উন্মাদনা, খেলা শুরুর আগেই স্টেডিয়ামে দর্শক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬ ৪:২৯ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

রাত সাড়ে ৮টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর থেকেই জাতীয় স্টেডিয়ামে জড়ো হতে শুরু করেছেন সমর্থকরা। কেউ কেউ প্রিয় দলের অনুশীলন দেখার আশায় প্রায় পাঁচ ঘণ্টা আগেই মাঠে উপস্থিত হয়েছেন।

 

বাংলাদেশ দলের হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া ও ফারহানদের খেলা সরাসরি উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন দর্শকরা। যশোর থেকে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রায়হান সাব্বির জানান, অনেক আগেই ঢাকায় পৌঁছে স্টেডিয়ামে এসেছেন তিনি। বাংলাদেশের অনুশীলন দেখার পাশাপাশি অন্য সেমিফাইনাল ম্যাচটিও গ্যালারিতে বসে উপভোগ করতে চান।

 

ম্যাচকে কেন্দ্র করে স্টেডিয়ামের আশপাশে বেড়েছে জাতীয় দলের জার্সি ও পতাকার বেচাকেনা। জাতীয় ক্রীড়া পরিষদের সামনের প্রবেশপথে আড়াইশ টাকা দামে বিক্রি হচ্ছে বাংলাদেশের জার্সি। অনেক দর্শক দরদাম করে জার্সি কিনছেন। আগে থেকে অন্য পোশাকে এলেও গ্যালারিতে বাংলাদেশের জার্সি পরে দলকে সমর্থন জানাতে চান তারা।

 

বিক্রেতাদের ভাষ্য, আগের ম্যাচগুলোর তুলনায় আজ জার্সি ও পতাকার চাহিদা বেশি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা।

 

এদিকে পাকিস্তানের বিপক্ষে জয় পেলে দীর্ঘ ২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ পাবে বাংলাদেশ। আগের ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারানোর পর দলের প্রতি সমর্থকদের প্রত্যাশাও বেড়েছে।

 

দর্শকদের বাড়তি উপস্থিতি বিবেচনায় স্টেডিয়ামে প্রবেশের জন্য দীর্ঘ লাইন তৈরির ব্যবস্থা করেছে আয়োজকরা। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যাও বাড়ানো হয়েছে।

 

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালে একপর্যায়ে দর্শকদের চাপে স্টেডিয়ামের প্রবেশগেট ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। তাই আজকের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে বিপুল দর্শক সামলানো এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই আয়োজকদের জন্য বড় চ্যালেঞ্জ।

এফ/ডি

সম্পর্কিত খবর