[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

নাঈমের ব্যাটে লড়াই, ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৭০ রানের লক্ষ্য

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬ ১:৪০ পিএম

সংগৃহীত ছবি

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চতুর্থ দিনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ।

ব্যাটিংয়ের একপর্যায়ে চরম চাপে পড়লেও নাঈম হাসানের দুর্দান্ত অর্ধশতকে লড়াই করার মতো পুঁজি পেয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে অলআউট হওয়ায় জয়ের জন্য ক্যারিবীয়দের লক্ষ্য দাঁড়িয়েছে ১৭০ রান।

 

চতুর্থ দিনের খেলা শুরু হয়েছিল আগের দিনের ৬ উইকেটে ৭৯ রান নিয়ে। দিনের শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মুমিনুল হকের কনকাশন বদলি হিসেবে আগের দিন মাঠে নামা জাকের আলী ইনিংসের প্রথম ওভারেই জোমেল ওয়ারিকানের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান। ৩৪ বল মোকাবিলা করে তিনি করেন ২২ রান।

 

এরপর হাসান মাহমুদ ৮ এবং তাইজুল ইসলামও ৮ রান করে সাজঘরে ফেরেন। ফলে বাংলাদেশের ইনিংস দ্রুত গুটিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

 

তবে একপ্রান্তে উইকেট হারানোর মধ্যেও দৃঢ়তা দেখান নাঈম হাসান। নিচের সারির ব্যাটারদের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে দলের সংগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই স্পিনার। একই সঙ্গে নিজের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহও গড়ে তোলেন তিনি।

 

ব্যাটিংয়ের সময় ২১ ও ২৯ রানে দুবার জীবন পান নাঈম। সেই সুযোগ কাজে লাগিয়ে ৯১ বলে ৫২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করেই কিছুটা প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ।

 

এর মধ্যে মিরপুরে বৃষ্টির কারণে সাময়িকভাবে খেলা বন্ধ রাখতে হয়। বৃষ্টি থামার পর আবারও মাঠে গড়ায় খেলা। তবে বেশি সময় স্থায়ী হয়নি বাংলাদেশের ইনিংস। রোস্টন চেজের বলে বিশপের হাতে ক্যাচ তুলে দিয়ে নাঈম বিদায় নিলে ১৪২ রানেই শেষ হয় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস।

 

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রোস্টন চেজ। ৩৬ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন তিনি। জোমেল ওয়ারিকান ৬৩ রানের বিনিময়ে শিকার করেন চার উইকেট। বাকি উইকেটটি পান শামার জোসেফ।

 

বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ১৪২ রানে শেষ হওয়ায় প্রথম ইনিংসের ব্যবধানসহ ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য নির্ধারিত হয়েছে। এখন ক্যারিবীয় ব্যাটারদের লক্ষ্য এই রান অতিক্রম করে সিরিজের প্রথম টেস্টে জয় নিশ্চিত করা।

এফ/ডি

সম্পর্কিত খবর