[email protected] বৃহঃস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩

বিপিএল ফিক্সিং: অভিযুক্ত তিনজনের নাম জানাল বিসিবি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৬ ৭:৩৫ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৬ আসরে দুর্নীতি ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অভিযুক্তদের বিরুদ্ধে আইসিসির ২০২৪ সালের দুর্নীতিবিরোধী বিধিমালার একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগ রয়েছে।


বিসিবি জানিয়েছে, বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিটের (বিসিবিআইইউ) তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। তদন্তের বিষয় ছিল বিপিএলের ১২তম আসর। অভিযুক্ত তিন ব্যক্তি হলেন—মুহাম্মদ মুখলেসুর রহমান শামীম, জাকির হোসেন এবং রাকিবুল ইসলাম সানি।


বিসিবির অভিযোগ অনুযায়ী, তাদের বিরুদ্ধে ম্যাচের ফল বা খেলার বিভিন্ন দিক প্রভাবিত করার চেষ্টা, দুর্নীতিমূলক কর্মকাণ্ডে অন্যদের উৎসাহ বা সহযোগিতা, দুর্নীতির প্রস্তাব সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত না করা এবং তদন্তে অসহযোগিতার মতো অভিযোগ রয়েছে।
শামীমের বিরুদ্ধে যেসব অভিযোগ


মুহাম্মদ মুখলেসুর রহমান শামীম বিসিবির ২০২৫–২০২৬ মেয়াদের সাবেক পরিচালক এবং অডিট কমিটির সাবেক চেয়ারম্যান।
তার বিরুদ্ধে আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালার ২.১.১, ২.১.৪, ২.৪.৪ ও ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।


এর মধ্যে ২.১.১ ধারায় ম্যাচের ফল, অগ্রগতি বা অন্য কোনো দিক প্রভাবিত করতে ফিক্সিং, ফিক্সিংয়ের পরিকল্পনা বা অনৈতিকভাবে প্রভাব বিস্তারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।


২.১.৪ ধারায় কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে প্ররোচনা, উৎসাহ বা সহযোগিতা করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।


এ ছাড়া ২.৪.৪ ধারায় দুর্নীতিতে জড়ানোর কোনো প্রস্তাব বা আমন্ত্রণ পাওয়ার পর তা যথাসময়ে দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে জানাতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে। ২.৪.৭ ধারায় তদন্ত-সংশ্লিষ্ট যোগাযোগ বা তথ্য গোপন, মুছে ফেলা কিংবা ধ্বংস করে তদন্তে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ আনা হয়েছে।


জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগ
জাকির হোসেনের বিরুদ্ধেও দুর্নীতিবিরোধী বিধিমালার একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ম্যাচের ফল বা খেলার কোনো দিক প্রভাবিত করার উদ্দেশ্যে ফিক্সিং বা ফিক্সিংয়ের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।


এ ছাড়া অন্য কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিতে জড়াতে সহায়তা বা উৎসাহ দেওয়া, দুর্নীতির প্রস্তাব সম্পর্কে যথাসময়ে কর্তৃপক্ষকে অবহিত না করা এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগও রয়েছে।


বিশেষ করে ২.৪.৬ ধারায় যথাযথ কারণ ছাড়া আইসিসির মনোনীত দুর্নীতিবিরোধী কর্মকর্তার (ড্যাকো) তদন্তে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে। এর মধ্যে তদন্তের প্রয়োজনে তথ্য বা জবাব চেয়ে পাঠানো নোটিশের জবাব না দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত।
রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধে অভিযোগ
রাকিবুল ইসলাম সানি বগুড়া জেলার বিসিবির সাবেক কাউন্সিলর এবং বোর্ডের অডিট কমিটির সাবেক সদস্যসচিব।


তার বিরুদ্ধে ২.৪.৪ ও ২.৪.৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। দুর্নীতিতে জড়ানোর কোনো প্রস্তাব বা আমন্ত্রণ পেয়ে তা যথাসময়ে ড্যাকোকে না জানানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।


পাশাপাশি যথাযথ কারণ ছাড়া দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করা এবং তথ্য বা জবাব চেয়ে পাঠানো নোটিশের শর্ত পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগও রয়েছে।
সাময়িক নিষেধাজ্ঞা


অভিযোগের প্রক্রিয়া চলাকালে তিন অভিযুক্তকেই সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। বোর্ড জানিয়েছে, দুর্নীতিবিরোধী বিধিমালার আওতায় চলমান শৃঙ্খলাজনিত প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের অভিযোগের নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশ পাওয়ার পর নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেওয়ার জন্য প্রত্যেককে ১৪ দিন সময় দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর