[email protected] সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ দলকে মন্ত্রিসভার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ ১১:১৪ পিএম

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার ১৭তম বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দলের এ সাফল্যের জন্য অভিনন্দন জানানোর কথা জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ থেকে ১৭ আগস্ট অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

 

মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, এ জয় শুধু একটি ম্যাচের সাফল্য নয়; এটি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সক্ষমতা, আত্মবিশ্বাস, শৃঙ্খলা, দলীয় ঐক্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতারও প্রমাণ।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় দলের এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা আরও উজ্জ্বল হবে বলে আশা করা হয়েছে।

 

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের জন্য বাংলাদেশ দলের অধিনায়ক, খেলোয়াড়, কোচিং ও সাপোর্ট স্টাফ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

 

এদিকে একই বৈঠকে ‘সীসামুক্ত বাংলাদেশ (২০২৬-২০৩৫)’ শীর্ষক জাতীয় কৌশল ও বহু-বছর মেয়াদি কর্মপরিকল্পনার খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর