মাঠে রোমাঞ্চকর ফুটবলের লড়াইয়ের পর গ্যালারিতে দেখা গেল ভিন্ন এক দৃশ্য।
রোববার টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘এফ’-এর ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করে জাপান। ম্যাচজুড়ে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরতে সক্ষম হয় এশিয়ার দলটি। তবে খেলা শেষ হওয়ার পরও অনেক জাপানি সমর্থক স্টেডিয়াম ত্যাগ না করে পরিচ্ছন্নতার কাজে অংশ নেন।
হাতে প্লাস্টিকের ব্যাগ নিয়ে তারা গ্যালারির বিভিন্ন স্থানে পড়ে থাকা খাবারের প্যাকেট, বোতল ও অন্যান্য আবর্জনা সংগ্রহ করেন। কয়েক মিনিটের মধ্যেই নিজেদের ব্যবহৃত অংশটি পরিপাটি করে তোলেন তারা।
আন্তর্জাতিক টুর্নামেন্টে জাপানি সমর্থকদের এমন আচরণ নতুন নয়।
গত কয়েকটি বিশ্বকাপেও ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করার কারণে তারা ব্যাপক আলোচনায় এসেছেন। জয় কিংবা পরাজয়- ফলাফল যাই হোক, পরিচ্ছন্নতার এই সংস্কৃতি তারা ধারাবাহিকভাবে বজায় রেখে চলেছেন।
জাপানের সাবেক কোচ অতীতে এ বিষয়ে বলেছিলেন, এটি তাদের সামাজিক শিক্ষার অংশ।
ছোটবেলা থেকেই জনসমাগমস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তোলা হয়, যা পরবর্তীতে দৈনন্দিন আচরণে প্রতিফলিত হয়।
ম্যাচটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও হাল ছাড়েনি জাপান। শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দলটি।
তবে ম্যাচের ফলের বাইরে আলোচনার কেন্দ্রে ছিল সমর্থকদের দায়িত্বশীল আচরণ।
খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, বরং সামাজিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধেরও প্রতিফলন জাপানি সমর্থকদের এই উদ্যোগ যেন সেই বার্তাই আবারও স্মরণ করিয়ে দিল।
এসআর