[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড জার্মানির

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন ২০২৬ ১১:৫৮ এএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়েছে জার্মানি।

রোববার হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দলের তালিকায় শীর্ষস্থান দখল করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচটিতে জার্মানির হয়ে জোড়া গোল করেন কাই হাভার্টজ। তার দ্বিতীয় গোলের মাধ্যমে বিশ্বকাপে জার্মানির মোট গোলসংখ্যা পৌঁছে যায় ২৩৯-এ, যা ব্রাজিলের ২৩৮ গোলের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

বর্তমানে বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোল করা দলগুলোর তালিকায় জার্মানি ২৩৯ গোল নিয়ে প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের গোল ২৩৮।

এরপর রয়েছে আর্জেন্টিনা (১৫২), ফ্রান্স (১৩৬) এবং ইতালি (১২৮)।

এছাড়া বিশ্বকাপে সাত বা তার বেশি গোল করার কৃতিত্ব জার্মানির ঝুলিতে এখন চারবার।

এর আগে ২০১৪ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে আলোচনার জন্ম দিয়েছিল ইউরোপের দলটি।

কোচ জুলিয়ান নাগেলসমানের অধীনে এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে জার্মানি। ২০২২ সালের আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর এবার তারা নিজেদের নতুন রূপে তুলে ধরেছে।

অন্যদিকে, বিশ্বকাপে অভিষেক হওয়া কুরাসাও শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল।

ম্যাচের ২১তম মিনিটে লিভানো কোমেনেশিয়া গোল করে সমতা ফেরান। তবে এরপর জার্মানির আক্রমণের সামনে তারা আর টিকতে পারেনি। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে নাগেলসমানের শিষ্যরা।

এসআর

সম্পর্কিত খবর