[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

ফুটবল বিশ্বকাপ ২০২৬

শেষ হাসি জাপানের, জয়বঞ্চিত নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন ২০২৬ ৭:২৩ এএম

দুইবার পিছিয়ে পড়েও হার মানেনি জাপান। ম্যাচের ৮৮ মিনিটে দাইচি কামাদার গোলে নেদারল্যান্ডসের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়ে ২-২ গোলে ড্র করেছে এশিয়ার প্রতিনিধিরা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই লড়াকু মানসিকতার পরিচয় দিল ব্লু সামুরাইরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে শেষ মুহূর্তের রোমাঞ্চে নেদারল্যান্ডসকে ২-২ গোলে আটকে দিয়েছে জাপান। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে এশিয়ার দলটি। জাপানের হয়ে ৮৮ মিনিটে সমতাসূচক গোলটি করেন দাইচি কামাদা।

শুরু থেকেই দুই দলই ছিল সতর্ক। প্রথমার্ধে বলের দখল নিয়ে লড়াই হলেও গোলের দেখা পায়নি কেউ। তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল নেদারল্যান্ডস। ডনিয়েল মালেনের জোরালো শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন জাপানের গোলরক্ষক জিওন সুজুকি।

অন্যদিকে প্রথমার্ধের শেষ দিকে ভালো সুযোগ পেয়েছিলেন কেইতো নাকামুরা। তবে বক্সের বাইরে থেকে নেওয়া তার শট লক্ষ্যভ্রষ্ট হলে গোলশূন্যভাবেই বিরতিতে যায় দুই দল।

বিরতির পরই জমে ওঠে ম্যাচ। ৫১ মিনিটে রায়ান গ্রাভেনবার্চের ক্রস থেকে হেডে গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। বিশ্বকাপে এটি ছিল তার প্রথম গোল।

তবে ডাচদের আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র ছয় মিনিট পরই সমতায় ফেরে জাপান। তাকেফুসা কুবোর পাস থেকে বল পেয়ে শট নেন নাকামুরা। ডিফেন্ডার ইয়ান পল ফন হেকের গায়ে লেগে বল জালে জড়ালে ১-১ সমতা ফিরে আসে।

৬৪ মিনিটে আবারও এগিয়ে যায় নেদারল্যান্ডস। গ্রাভেনবার্চের পাস ধরে বক্সে ঢুকে দারুণ এক শটে গোল করেন ক্রিসেনসিও সামারভিল। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার প্রথম গোল।

গোলের পর আরও কয়েকটি সুযোগ তৈরি করে নেদারল্যান্ডস। বিশেষ করে কডি গাকপোর একটি শট অসাধারণভাবে ঠেকিয়ে দেন জিওন সুজুকি। সেই সেভই পরে জাপানকে ম্যাচে ফিরতে সাহায্য করে।

ম্যাচ যখন নেদারল্যান্ডসের জয়ের দিকেই এগোচ্ছিল, তখনই আসে নাটকীয় মুহূর্ত। ৮৮ মিনিটে কর্নার থেকে আসা বলে কোকি ওগাওয়ার হেড দাইচি কামাদার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়। গোলরক্ষক বার্ট ভারব্রুগেন কিছুই করতে পারেননি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। এই ড্রয়ে বিশ্বকাপে নিজেদের লড়াইয়ের শক্ত বার্তা দিল জাপান। অন্যদিকে জয়ের খুব কাছে গিয়েও দুই পয়েন্ট হারানোর আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রোনাল্ড কোম্যানের দলকে।

 

এসআর

সম্পর্কিত খবর